ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। তাঁর পাসপোর্ট পাওয়া উচিত কি না, তিনি দেশে ফিরবেন কি না-এসব প্রশ্নে রাজনৈতিক নেতা, সাবেক উপদেষ্টা ও গণমাধ্যমকর্মীরা ভিন্ন ভিন্ন মত তুলে ধরছেন।
সোমবার (৯ নভেম্বর) লন্ডনভিত্তিক আইনজীবীদের মাধ্যমে ভারতের দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি চিঠিতে এ তথ্য উঠে এসেছে। চিঠিতে বলা হয়েছে, আদালতের মুখোমুখি হতে তিনি দেশে ফিরতে চান। তাঁর সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করা হবে।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারসের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তাঁর বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।
আসিফ নজরুলের বক্তব্য: সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে নিজের ফেসবুক পেজে লিখেছেন, বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চাওয়ার অর্থ হলো, দেশে ফিরে বিচার মোকাবিলার মতো পরিস্থিতি আছে বলে শেখ হাসিনা মনে করছেন। তবে তিনি একজন দণ্ডিত অপরাধী। তাঁকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে চিঠি দিয়েছে। তাই নতুন পাসপোর্ট নিয়ে নয়, দণ্ডিত অপরাধী হিসেবেই তাঁর দেশে ফেরার কথা।
আসিফ নজরুলের দাবি, ভারত সরকার চাইলে শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে। পাসপোর্টের আবেদন করে শেখ হাসিনা সেই পথই সহজ করেছেন বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, দেশে ন্যায়বিচার আছে বলেই শেখ হাসিনা ফিরতে চাইছেন-এমন যুক্তি তুলে ধরে বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রত্যর্পণের দাবি আরো জোরালো করতে পারে। পোস্টের শেষাংশে তিনি লেখেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে; শুধু দলের সাধারণ নেতাকর্মীদের বিপদ বাড়াচ্ছেন।
নাহিদ ও আসিফ মাহমুদের প্রতিক্রিয়া: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর কর। ফ্যাসিস্ট লীগের বিচার কর।’ পোস্টে তিনি ‘জাস্টিস ফর জুলাই’ ও ‘জাস্টিস ফর হাদি’ হ্যাশট্যাগ ব্যবহার করেন।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’ চার ঘণ্টা পর দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আজ নৌকাটা না ডুবলে পাসপোর্ট লাগতো না!’
শফিকুল আলমের ইঙ্গিতপূর্ণ পোস্ট: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, শেখ হাসিনা আগেভাগেই নিজের চাল দিয়ে ফেলেছেন। ডিসেম্বরে তাঁর পরিকল্পিত প্রত্যাবর্তন ঘিরে যে আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই ম্লান হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রাথমিক চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে শফিকুল আলম প্রশ্ন রাখেন, ‘আপা ফিরবেন? নাকি ফিরবেন? নাকি ফিরবেনই না?’
আইনগত দিক তুলে ধরলেন আনিস আলমগীর: গণমাধ্যমকর্মী আনিস আলমগীর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩’ অনুযায়ী সাজাপ্রাপ্ত বা পরোয়ানাভুক্ত আসামিকে নতুন পাসপোর্ট দিতে সরকার আইনগতভাবে বাধ্য নয়। তাঁর মতে, বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে সাজা বা গ্রেফতারি পরোয়ানা কার্যকর কিংবা বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে চাইলে সরকার নতুন পাসপোর্টের পরিবর্তে একমুখী ট্রাভেল পারমিট দিতে পারে। এ পারমিট দিয়ে কেবল বাংলাদেশে ফেরা সম্ভব।
তিনি প্রশ্ন তুলেছেন, সরকার শেখ হাসিনাকে শান্তিপূর্ণভাবে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার সুযোগ দেবে, নাকি ডিসেম্বর নিয়ে অনিশ্চয়তা জিইয়ে রেখে জাতিকে অপেক্ষায় রাখবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/৯/১১/২০২৬