নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গাউসিয়াগামী পথে পাকুন্ডা এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলার মুখে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।
রোববার (২৫ অক্টোবর) রাতে কুমিল্লায় একটি ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে বলে তিনি দাবি করেছেন।
ফেসবুক লাইভে এসে রফিকুল ইসলাম মাদানী জানান, কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষ করে ঢাকায় ফেরার পথে মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাদের গাড়ির গতিরোধের চেষ্টা করে। এ সময় মহাসড়কের ওপর বড় বড় ইট-পাথর ফেলে রাখা হয়েছিল বলে তিনি জানান।
মাদানীর ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত গাড়িটি প্রায় ২০০ থেকে ৩০০ গজ পেছনে সরিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যান। চালকের উপস্থিত বুদ্ধিমত্তা ও তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান বলে দাবি করেন তিনি।
তিনি আরো জানান, ডাকাত দল আশপাশের কয়েকজন যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অন্ধকারের সুযোগ নিয়ে ডাকাতেরা পালিয়ে যায় বলে তার অভিযোগ।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রফিকুল ইসলাম মাদানী বলেন, দেশে আলেম-ওলামাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তার দাবি, ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে এ ধরনের ঘটনার মুখে পড়া উদ্বেগজনক। মহান আল্লাহর রহমতে তারা প্রাণে বেঁচে গেছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন এই
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ কাছাকাছি উপস্থিত না থাকলে এত অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হতো না।
ওসি আরো বলেন, এ ঘটনায় কাউকে আটকও করা যায়নি।
এসি/আপ্র/২৬/১০/২০২৬