গাইবান্ধার গোবিন্দগঞ্জে একই দিনে জন্ম নেওয়া দুই চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে একই দিনে। সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে ডুবে এক বছর ১০ মাস বয়সী মিফতাহুল জান্নাত ও আব্দুল্লাহ আরাফের মৃত্যু হয়। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটিতে চলছে শোকের মাতম।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল।
নিহত দুই শিশু হলো ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত এবং জিল্লুর রহমানের ছেলে আব্দুল্লাহ আরাফ। তাদের দুজনেরই বয়স এক বছর ১০ মাস। সম্পর্কে তারা চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন।
স্থানীয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে শিশু দুটি একসঙ্গে খেলছিল। এ সময় তাদের মায়েরা সকালের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা।
পরে পরিবারের সদস্যরা শিশু দুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজন ও স্থানীয়রা পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে থাকা তালুককানুপুর ইউনিয়ন পরিষদের দফাদার শ্রী বাবু লাল বলেন, শিশু দুটির মৃত্যুতে পরিবারে আহাজারি চলছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন। তাদের জন্ম হয়েছিল একই দিনে। আবার একই দিনে তাদের মৃত্যু হলো।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। সাঁতার না জানা শিশুদের, বিশেষ করে ছোট শিশুদের, সব সময় নজরে রাখার অনুরোধ জানান তিনি।
এসি/আপ্র/২৬/১০/২০২৬