হিমালয়কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের অনুভূতি। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও সোমবার তা নেমে এসেছে ১৬ ডিগ্রির ঘরে। এক দিনের ব্যবধানে জেলার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
এর আগে, রোববার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
ভোর হলেই সূর্যের দেখা মিলছে। দিনভর থাকছে প্রখর রোদ। তবে সন্ধ্যা নামার পর বদলে যাচ্ছে আবহাওয়া। বাড়ছে শীতের অনুভূতি। রাতের সঙ্গে বাড়ছে কুয়াশার প্রকোপও। ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিরাজ করছে ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে। তবে দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। অন্যদিকে, রাত ও ভোরে বাড়ছে ঠান্ডা। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরো কমে শীতের অনুভূতি বাড়তে পারে।
এসি/আপ্র/২৬/১০/২০২৬