গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই জাদুঘর হবে না একক রাজনৈতিক ভাষ্যের স্থান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:২৯ এএম ২০২৬
জুলাই জাদুঘর হবে না একক রাজনৈতিক ভাষ্যের স্থান
ছবি

ছবি সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়; এর মূল শক্তি ছিল দেশের গণতন্ত্রকামী জনগণ।

বুধবার  (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি জাদুঘরের ফলক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রী বলেন, “আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে আরেকটি যুগান্তকারী মাইলফলক।” তিনি আশা প্রকাশ করেন, এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার জায়গা হবে না।

তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ।”

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই। জনগণ যেমন মুক্তিযোদ্ধাদের ভুলে যায়নি, তেমনি ২০২৪ সালে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় যারা শহীদ হয়েছেন, তাদেরও ভুলবে না।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। এ সময় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রাখতে তাদের নিজ নিজ এলাকায় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এবং সড়কের নামকরণ করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়াসহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে ১৩ হাজারের বেশি ব্যক্তিকে তাদের নিজস্ব ব্যাংক হিসাবে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে।

তারেক রহমান বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজও শুরু হয়েছে। দেশ পুনর্গঠনের লক্ষ্যে নির্বাচনি ইশতেহারের ৩১ দফা এবং জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদের পর্যায়ক্রমিক বাস্তবায়ন শুরু হয়েছে।

গণভোটসংক্রান্ত প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে বলে জানান তিনি।

বিরোধীদের ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড পতিত ও পরাজিত স্বৈরাচারের পুনরুত্থানের পথ সহজ করে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই অভ্যুত্থানের সময় গণতন্ত্র ও জনগণের পক্ষে অবস্থান নেওয়ায় সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই বাংলাদেশ আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না—এই প্রত্যাশায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছি।”

জাদুঘর প্রতিষ্ঠায় যুক্ত স্থপতি, ইতিহাসবিদ, গবেষক, জাদুঘর বিশেষজ্ঞ, শিল্পী, সংগ্রাহক, কারিগর, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর তৎকালীন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদ এ প্রস্তাবে অনুমোদন দেয়।

জাদুঘরে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র, স্মৃতিচিহ্ন, নিহতদের পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, সংবাদপত্রের কাটিং, অডিও-ভিডিওসহ বিভিন্ন উপকরণ সংরক্ষণ করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রীর দেশত্যাগের ঘটনাবলিও সেখানে তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর শুধু ২০২৪ সালের ঘটনাবলির স্মারক নয়; বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ধারাবাহিক ইতিহাসেরও দলিল হওয়া উচিত।

তিনি বলেন, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের ইতিহাসও এখানে সংরক্ষণ করা প্রয়োজন।

তারেক রহমান বলেন, জাদুঘরে জুলাই-আগস্টের শহীদদের জীবনকথা, আহতদের সাক্ষ্য, আন্দোলনে অংশ নেওয়া মানুষের অভিজ্ঞতা, আলোকচিত্র, ভিডিও, সংবাদ প্রতিবেদন, পোস্টার, দেয়াললিখন, গ্রাফিতি, কার্টুন, কবিতা, গান, নাটক, চিত্রকর্ম, ব্যক্তিগত স্মারক ও ডিজিটাল উপকরণ সংরক্ষণ করা উচিত।

তিনি বলেন, “অসম্পূর্ণ, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না; বরং ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যতে বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রতিটি বিষয়ে যথাসম্ভব সত্যতা নিশ্চিত করা প্রয়োজন।”

জাদুঘরের তথ্য বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ও অন্যান্য ভাষায় উপস্থাপনের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে প্রতিটি ঘটনার বিচার হবে। আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হবে।

তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করতে প্রতিটি অপরাধের বিচার হওয়া জরুরি।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর সংস্কৃতি ও তথ্য-সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এবং সংস্কৃতি সচিব কানিজ মাওলা।

এ ছাড়া জুলাই অভ্যুত্থানের শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ্জোহরা, শাহরিয়ার খান আনসের মা সানজিদা খান দীপ্তি এবং জুলাই যোদ্ধা নিশাত তাবাসসুম প্রাপ্তি বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, কূটনীতিক, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সানা/এসি/আপ্র/০৫/০৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
১০ আগস্ট ২০২৬

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর বনানী থানায় করা হত্যাচেষ্টা মামলায় ছয় মাসের জামিন দ...

বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব: প্রধানমন্ত্রী
১০ আগস্ট ২০২৬

বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব: প্রধানমন্ত্রী

বিএনপির সব পরিকল্পনা ও কর্মসূচি সবসময়ই জনবান্ধব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বল...

শাহজালালে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক
১০ আগস্ট ২০২৬

শাহজালালে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি গাড়ি থেকে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধ...

শেখ হাসিনাসহ হাদি হত্যার আসামিদের ফেরত চায় বাংলাদেশ
১০ আগস্ট ২০২৬

শেখ হাসিনাসহ হাদি হত্যার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই