গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

চব্বিশের চেতনায় আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে: প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৫ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১৮ এএম ২০২৬
চব্বিশের চেতনায় আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে: প্রধানমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল। যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বের করে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই যে মহলটি, যে সন্ত্রাসী গ্রুপটি, সন্ত্রাসী মহলটি ষড়যন্ত্র শুরু করেছে, এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে তারা শাসন করেছিল। মনে আছে আপনাদের? ভুলে গেছেন, না মনে আছে? ১৬ বছর তারা জনগণের কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছিল। ১৬ বছর তারা জনগণের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল। ১৪ সালের ভোট মনে আছে? ১৮ সালের ভোট মনে আছে? আমি-ডামির নির্বাচন মনে আছে? কে মনে আছে, না ভুলে গেছেন?’

তিনি বলেন, আর কি বাংলাদেশের মানুষ ওই রকম নির্বাচন পেতে চায়? এই যে যারা এই নির্বাচনগুলো করেছিল, নিশিরাতের নির্বাচন করেছিল, ভোট দখলের নির্বাচন করেছিল, আমি-ডামির নির্বাচন করেছিল, তারা এই দেশের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা ১৬ বছর ক্ষমতা দখল করে কেন তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনার কাজ করে নাই? এই প্রশ্ন আমার। কেন তারা পদ্মা ব্যারাজ করে নাই? এই প্রশ্ন আমার। কেন তারা এই এলাকায় গ্যাস লাইন আনে নাই? কেন তারা এই এলাকায় ইপিজেড গঠন করে নাই? এই প্রশ্ন আমার। এই প্রশ্ন কি শুধু আমার, না আপনাদেরও? তার মানে এই কাজগুলো তারা করে নাই। কেন করে নাই? কারণ এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ নাই।’

অর্থপাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সে জন্যই আমরা দেখেছি, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। যখন এই দেশ থেকে পালিয়ে গেছে, সমগ্র বিশ্বের আন্তর্জাতিক সব পত্রপত্রিকায় উঠে এসেছে, কীভাবে তারা এই দেশের দুস্থ, অসহায়, গরিব মানুষের লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আরাম-আয়েশে জীবনযাপন করেছে। শুধু যে তারা এই দেশের স্বার্থ দেখে নাই, এই দেশের মানুষের স্বার্থ দেখে নাই, তা না; একই সঙ্গে যে দেশে তারা পালিয়ে গিয়েছে, সীমান্তের ওপারে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

প্রধানমন্ত্রী বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, যে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, গুম-খুন বন্ধের রাজনীতির যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অধিকারকে তারা আবার কেড়ে নিতে চায়। এখন সময় এসেছে। তাদেরকে কি আবার গুম-খুনের রাজনীতি করার পারমিশন আপনারা দেবেন? ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আপনারা দেবেন? মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আবার দেবেন তাদেরকে?

ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসেন যেভাবে চব্বিশের চেতনায়, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বের করে দিয়েছিল, বিতাড়িত করে দিয়েছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিন দেখেন, ক্ষমতায় থাকতে তারা মানুষের সহায়-সম্পত্তি লুটতারাজ করেনি? মানুষকে তারা নির্যাতন করেনি? মানুষকে তারা গুম-খুন করেনি? পালিয়ে গিয়েছে, তারপরও পলাতক থেকেও আবার তারা সেই আগুনসন্ত্রাস শুরু করেছে। আবার তারা মানুষকে পুড়িয়ে মারার, হত্যার রাজনীতি শুরু করেছে। আবার তারা মানুষকে আক্রমণ করে, পেছন থেকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। বাংলাদেশের মানুষ আর ভোট দখলের রাজনীতি চায় না। ক্ষমতাকে ধরে রাখার জন্য শেষ সময় তারা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে, ৬০ জন ছোট ছোট শিশুকে তারা হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, আর যাই হোক, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকে না।  বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়। বাংলাদেশের মানুষ এখন স্বস্তি চায়। বাংলাদেশের মানুষ এখন নিজের এবং দেশের অগ্রগতি চায়। তাই যদি করতে হয়, যদি দেশ এবং জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, সব রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সন্ত্রাসী, এই অগ্নিসন্ত্রাসী, এই খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে। কী জবাব? যথেষ্ট হয়েছে, আর নয়। বাংলাদেশের মানুষ আর সেই অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে যেতে চায় না, গুম-খুনের রাজনীতিতে যেতে চায় না।

উন্নয়নের অগ্রাধিকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা খাল খননের রাজনীতি করতে চাই। আমরা চাই আমাদের দেশের কলকারখানাগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে। আমরা চাই আমাদের দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, সেই ব্যবস্থা করতে। আমরা চাই আমাদের মা-বোনেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। আমরা সেই রাজনীতি করতে চাই। আমরা সেই অতীত রাজনীতি করতে চাই না।

লালমনিরহাটের মানুষের উদ্দেশে তিনি বলেন, আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ আপনাদেরকে আহ্বান জানিয়ে গেলাম। যেভাবে লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও লালমনিরহাটের মানুষ একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে, লালমনিরহাটের মানুষ গণতন্ত্রের পক্ষে থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষকে আমি বলব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। সঠিকভাবে জবাব দিই, শক্তভাবে জবাব দিই, যাতে ভবিষ্যতে জনগণের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলতে না পারে, তাদের প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে। আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করা। সবাই মিলে আমরা সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য নিজেদেরকে আবারও চব্বিশের মতো প্রস্তুত করি।

এসি/আপ্র/১৯/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক
১৯ নভেম্বর ২০২৬

খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন...

ঢাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন
১৯ নভেম্বর ২০২৬

ঢাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে চেকপ...

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সবচেয়ে বেশি
১৯ নভেম্বর ২০২৬

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সবচেয়ে বেশি

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত...

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
১৯ নভেম্বর ২০২৬

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে