ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আখতার আহমেদ।
তিনি জানান, নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে শরীরে ধারণযোগ্য ক্যামেরা। এসব ব্যবস্থার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।
ভোটারদের মধ্যে সংশয় বা আতঙ্ক না রাখার আহ্বান জানিয়ে ইসি সচিব বলেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ নিয়ে উদ্বেগের কোনো অবকাশ নেই। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সানা/আপ্র/২৯/১০/২০২৬