২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন বিএনপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ‘তলেতলে খাতির’ ছিল।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে হামলার সময় বিএনপি ক্ষমতায় থাকলেও তাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোনে পাওয়া যায়নি। পুলিশ বা সেনাবাহিনীর কেউ ঘটনাস্থলে আসেননি। অথচ বিএনপি নেতারা নয়াপল্টনে নির্বিঘ্নে সমাবেশ করেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অথচ আপনারা (বিএনপি) নয়াপল্টনে আরামের সঙ্গে মিটিং করেছিলেন। এতে বোঝা যায়, তলেতলে কী একটা খাতির ছিল।’
জামায়াতের এই নেতা বলেন, সেদিন বিএনপির শ্রমিক দলের একটি সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু ২৭ অক্টোবর রাতে সেটি কেন সরিয়ে নেওয়া হয়েছিল, সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। তাঁর ভাষায়, ‘বোঝা যায়, ভেতরে-ভেতরে একটা লাইন ছিল।’ একই স্থানে চারদলীয় জোটের সমাবেশ হতে না পারা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোনে না পাওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
মামলা পুনরুজ্জীবিত করার দাবি: ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের আসামি করে মামলা করা হয়েছিল বলে দাবি করেন মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ক্ষমতার প্রভাব খাটিয়ে মামলাটি প্রত্যাহার করা হয়। ওই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, পরে মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য নথিপত্র সংগ্রহ করতে গিয়ে তাঁরা দেখতে পান, মামলার গুরুত্বপূর্ণ নথি গায়েব করে দেওয়া হয়েছে। এ ঘটনাকে অন্যায় উল্লেখ করে তিনি সরকারের নিন্দা জানান।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার যদি সত্যিই ফ্যাসিবাদ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে, তাহলে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মামলার নথি খুঁজে বের করে তা পুনরুজ্জীবিত করতে হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি।
শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে চলমান বিচারপ্রক্রিয়ার আওতায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদেরও বিচারের মুখোমুখি করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।
সমাবেশে আরো বক্তব্য দেন জামায়াতের সংসদ সদস্য কামাল হোসেন ও শফিকুল ইসলাম মাসুদ, দলের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আব্দুল মান্নান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালামসহ অন্য নেতারা।
সানা/আপ্র/২৮/১০/২০২৬