গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মেনু

চীনের ১৩ ফুট উচ্চতার রোবট, তুলতে পারে ৫০০ কেজি ভার

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:১৪ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৩ এএম ২০২৬
চীনের ১৩ ফুট উচ্চতার রোবট, তুলতে পারে ৫০০ কেজি ভার
ছবি

রোবটটি দুই বাহু দিয়ে ছোট গাড়ি বা পূর্ণবয়স্ক গরুর ওজনের সমান ভার বহন করতে পারবে - ছবি নিওড্রাডাইনামিক্স

আস্ত গরু কিংবা ছোট গাড়ির ওজনের সমান ভার বহন করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত বিশাল এক মানবসদৃশ রোবট উন্মোচন করেছে চীনের বেইজিংভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নিওড্রাডাইনামিক্স। ‘নিও১’ নামের চার মিটার বা প্রায় ১৩ ফুট উচ্চতার রোবটটি সর্বোচ্চ ৫০০ কেজি ওজন বহন করতে পারে বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইয়াং তাও বলেন, রোবটের কাজ কেবল মানুষের আকৃতি অনুকরণ করা নয়; বরং মানুষের শারীরিক সীমাবদ্ধতা অতিক্রম করে নজিরবিহীন কাজের সক্ষমতা তৈরি করা।

প্রায় ১ দশমিক ২ মেট্রিক টন ওজনের রোবটটিতে প্রচলিত বৈদ্যুতিক মোটরের পরিবর্তে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক অ্যাকচুয়েটর। এ প্রযুক্তি রোবটটির ভার বহনের সক্ষমতা বাড়িয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এর দুই বাহু দিয়ে ছোট গাড়ি কিংবা পূর্ণবয়স্ক গরুর ওজনের সমান ভার তোলা সম্ভব।

ইয়াং তাও বলেন, হাইড্রোলিক ও বৈদ্যুতিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি তাদের বিশেষ ভিত্তি প্রযুক্তি রোবটের শক্তি ও স্থায়িত্বসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করেছে। এর ফলে রোবটের শারীরিক সক্ষমতাকে সরাসরি শিল্পক্ষেত্রে কাজে লাগানো এবং শিল্পের আধুনিকায়ন ত্বরান্বিত করা সম্ভব হবে।

চলতি মাসে অনুষ্ঠিত ‘২০২৬ চায়না আন্তর্জাতিক শিল্পমেলা’য় রোবটটি উন্মোচন করা হয়। ভারী কাজ, খনি এবং দুর্যোগপূর্ণ এলাকায় ধ্বংসস্তূপ সরানোর মতো কঠিন পরিবেশে শিল্পকারখানার কাজে ব্যবহারের উপযোগী করে এটি তৈরি করা হয়েছে।

নিওড্রাডাইনামিক্সের দাবি, রোবটটির আঙুলের অগ্রভাগের সূক্ষ্মতা শূন্য দশমিক শূন্য এক মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যায়। এ সক্ষমতা কাজে লাগিয়ে সুচে সুতা পরানোর মতো সূক্ষ্ম কাজও করা সম্ভব। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে রোবটটিকে ‘সুপার হিউম্যানয়েড’ বা অতিমানবীয় মানবসদৃশ রোবট হিসেবে বর্ণনা করা হয়েছে। ভবিষ্যতে এটি পারিবারিক সেবার কাজেও ব্যবহার করা যেতে পারে বলে দাবি করা হয়েছে।

তবে এসব সক্ষমতার বাস্তব প্রয়োগ এখনো প্রদর্শন করেনি প্রতিষ্ঠানটি। শিল্পমেলায় প্রদর্শিত রোবটটির হাত-পায়ের সীমিত কিছু নড়াচড়া দেখা গেছে। ফলে ভার বহন, সূক্ষ্ম কাজ কিংবা পারিবারিক সেবায় এর কার্যকারিতা সম্পর্কে নির্মাতা প্রতিষ্ঠানের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

রোবট প্রযুক্তিতে এগিয়ে চীন: কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত রোবটকে জাতীয় অর্থনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে চীন। চলতি বছরের মার্চে অনুমোদিত দেশটির নতুন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এ প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগে গুরুত্ব দেওয়া হয়েছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশটির শিল্পকারখানায় ইতিমধ্যে ২০ লাখের বেশি শিল্প রোবট ব্যবহৃত হচ্ছে। আন্তর্জাতিক রোবোটিকস ফেডারেশনের গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে কারখানায় নতুন যুক্ত হওয়া রোবটের ৫৯ শতাংশই চীনে স্থাপন করা হয়েছে। এ ছাড়া বিশ্বের অর্ধেকেরও বেশি মানবসদৃশ রোবট নির্মাতা প্রতিষ্ঠানের অবস্থান চীনে।

আন্তর্জাতিক রোবোটিকস ফেডারেশনের সভাপতি জেন হেফনার বলেন, এক দশক আগে শুরু হওয়া জাতীয় রোবোটিকস কৌশলের ভিত্তিতেই চীন শিল্পব্যবস্থার আধুনিকায়নে সাফল্য অর্জন করেছে। দেশটির পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার বাস্তব প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে এ ধরনের রোবটকে।
সানা/ডিসি/আপ্র/২৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গণিত ও বিজ্ঞানের জটিল সমস্যার সমাধানের দাবি ওপেনএআইয়ের
২৮ অক্টোবর ২০২৬

গণিত ও বিজ্ঞানের জটিল সমস্যার সমাধানের দাবি ওপেনএআইয়ের

গণিতের পাশাপাশি কম্পিউটারবিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের বেশ কয়েকটি জটিল সমস্যার সমাধানে নতুন অগ্রগতির দাব...

পুলিশের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বৈষম্য বাড়ার শঙ্কা
২৬ অক্টোবর ২০২৬

পুলিশের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বৈষম্য বাড়ার শঙ্কা

পুলিশি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি বৈষম্য আরো গভীর হওয়ার আশঙ্ক...

ব্যবহারকারীর অজান্তে গুগল অ্যাকাউন্টে ফোন নম্বর, বন্ধ করবেন যেভাবে
২৬ অক্টোবর ২০২৬

ব্যবহারকারীর অজান্তে গুগল অ্যাকাউন্টে ফোন নম্বর, বন্ধ করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ফোনে সাইন-ইন করা গুগল অ্যাকাউন্টগুলোতে স্বয়ংক্রিয়ভাবে সিমের ফোন নম্বর যুক্ত ও যাচাই করছ...

খুনের বিচার এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তায় নিজের মৃত্যুর ছবি বানালেন
২৬ অক্টোবর ২০২৬

খুনের বিচার এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তায় নিজের মৃত্যুর ছবি বানালেন

ভারতের উত্তর প্রদেশে হত্যা মামলার বিচার থেকে বাঁচতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিজের মৃত্যুর ছবি তৈরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে