গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

ব্যবহারকারীর অজান্তে গুগল অ্যাকাউন্টে ফোন নম্বর, বন্ধ করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:২৮ এএম ২০২৬
ব্যবহারকারীর অজান্তে গুগল অ্যাকাউন্টে ফোন নম্বর, বন্ধ করবেন যেভাবে
ছবি

অ্যাকাউন্ট রিকভারি ও আরসিএস মেসেজিংয়ের মতো বিভিন্ন ফিচার সচল রাখতেই এই নম্বর যাচাই করে গুগল -ছবি রয়টার্স

অ্যান্ড্রয়েড ফোনে সাইন-ইন করা গুগল অ্যাকাউন্টগুলোতে স্বয়ংক্রিয়ভাবে সিমের ফোন নম্বর যুক্ত ও যাচাই করছে গুগল। এতে একই ফোনে থাকা মূল অ্যাকাউন্টের পাশাপাশি অতিরিক্ত ও কাজের প্রয়োজনে ব্যবহৃত অ্যাকাউন্টেও নম্বর যুক্ত হতে পারে। অ্যাকাউন্ট পুনরুদ্ধার, বার্তা আদান-প্রদানসহ বিভিন্ন সেবা সচল রাখার কথা জানালেও প্রতিটি অ্যাকাউন্টে একই নম্বর যুক্ত করার কারণ স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে এ প্রক্রিয়া চালু রয়েছে। সম্প্রতি ব্যবহারকারীদের কাছে গুগলের ইমেইল বিজ্ঞপ্তি পৌঁছাতে শুরু করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

গুগলের সহায়তা নথি অনুযায়ী, ফোন সেটআপের সময় ডিভাইসের সিমের নম্বর স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হয়। এরপর ফোনে সাইন-ইন করা অ্যাকাউন্টগুলোতে নম্বরটি যুক্ত হতে পারে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড অথরিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে গুগল এ-সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন এনে স্বয়ংক্রিয় নম্বর যাচাইকে পূর্বনির্ধারিত ব্যবস্থা হিসেবে চালু রাখে। ২০২৫ সালের ৮ সেপ্টেম্বরের গুগল প্লে সার্ভিসেসের হালনাগাদসংক্রান্ত নথিতেও সেটআপের সময় নম্বর যাচাইয়ের উল্লেখ ছিল।

গুগলের দাবি, অ্যাকাউন্ট পুনরুদ্ধার এবং উন্নত বার্তা আদান-প্রদানের মতো সুবিধা সচল রাখতে এ যাচাই করা হয়। তবে প্রতিটি অ্যাকাউন্টে একই নম্বর যুক্ত করার প্রয়োজনীয়তা সম্পর্কে প্রতিষ্ঠানটি বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

ফোন নম্বর দিয়ে যেসব সুবিধা চালু থাকে: গুগলের সহায়তা পৃষ্ঠার তথ্য অনুযায়ী, স্বয়ংক্রিয় নম্বর যাচাই চালু থাকলে পরবর্তী সময়ে ফোনে নতুন গুগল অ্যাকাউন্ট যুক্ত করা কিংবা নতুন সিম প্রবেশ করালেও সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোতে নম্বর স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হতে পারে।

গুগল ও মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলো নির্দিষ্ট সময় পরপর নম্বর পুনরায় যাচাই করতে পারে। এ ক্ষেত্রে অপারেটরভেদে চার্জ প্রযোজ্য হতে পারে। এ ব্যবস্থার নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট ফোন থেকেই পরিবর্তন করা যায়।

নম্বর যাচাই চালু থাকলে ফোনে সাইন-ইন করা কোনো একটি প্রধান অ্যাকাউন্টে গুগলের ‘বেটার শেয়ারিং অন গুগল’ সুবিধাও চালু হতে পারে। এর মাধ্যমে ছবি ও অন্যান্য বিষয়বস্তু আদান-প্রদান, ভিডিও কল এবং বিজ্ঞপ্তিসহ বিভিন্ন সুবিধা পাওয়া যায়। ফোন নম্বর দিয়ে সাইন-ইন, হারানো ফোন খোঁজা, জরুরি অবস্থায় অবস্থানসংক্রান্ত সেবা এবং দ্রুত ফাইল আদান-প্রদানের মতো সুবিধাও যাচাই করা নম্বরের ওপর নির্ভর করতে পারে।

২০২৫ সালের অক্টোবরে গুগল প্লে সার্ভিসেসের স্বয়ংক্রিয় নম্বর যাচাইব্যবস্থার পর অ্যান্ড্রয়েডের জন্য ‘সাইন ইন উইথ মোবাইল নম্বর’ নামে একটি অ্যাকাউন্ট পুনরুদ্ধার সুবিধা চালু করে গুগল। এ ব্যবস্থায় মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত গুগল অ্যাকাউন্টগুলো শনাক্ত করা যায়। ব্যবহারকারী আগের ডিভাইসের পর্দা খোলার গোপন সংকেত ব্যবহার করে অ্যাকাউন্টে পুনরায় প্রবেশের সুযোগ পেতে পারেন।

গুগলের সহায়তা নথিতে আরো বলা হয়েছে, তাদের ‘বেটার অ্যাডস অ্যান্ড গুগল সার্ভিসেস’ ব্যবস্থায় বিভিন্ন সেবায় আরো প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর জন্য ফোন নম্বর ব্যবহার করা হতে পারে। তবে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হওয়া নম্বরের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোন বিজ্ঞাপননীতি প্রযোজ্য, তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি।

স্বয়ংক্রিয় নম্বর যাচাই বন্ধ করবেন যেভাবে: অ্যান্ড্রয়েড ফোনে স্বয়ংক্রিয়ভাবে ফোন নম্বর যাচাইয়ের সুবিধা বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. ফোনের সেটিংস থেকে ‘গুগল’ অথবা ‘গুগল সার্ভিসেস অ্যান্ড প্রেফারেন্সেস’ অপশনে যান।

২. ‘অল সার্ভিসেস’ নির্বাচন করুন।

৩. ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অংশের অধীনে ‘ফোন নম্বর যাচাই’ অপশনটি খুঁজে নিন।

৪. এরপর ‘স্বয়ংক্রিয়ভাবে ফোন নম্বর যাচাই’ অপশনটি বন্ধ করে দিন।

তবে এ সুবিধা বন্ধ করলেই আগে থেকে যুক্ত হওয়া ফোন নম্বরগুলো মুছে যাবে না। পুরোনো নম্বর সরাতে প্রতিটি গুগল অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে ‘ব্যক্তিগত তথ্য’ অংশের ‘ফোন’ অপশনে প্রবেশ করতে হবে। সেখান থেকে সংশ্লিষ্ট নম্বরটি আলাদাভাবে মুছে ফেলতে হবে।

সুবিধাটি বন্ধ করলে যেসব অসুবিধা হতে পারে: সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, স্বয়ংক্রিয় নম্বর যাচাই বন্ধ করলে গুগল মেসেজেসের উন্নত বার্তা আদান-প্রদানের সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে বার্তাগুলো সাধারণ খুদে বার্তা হিসেবে আদান-প্রদান হতে পারে। গুগলের তথ্য অনুযায়ী, উন্নত বার্তা আদান-প্রদানের সংযোগ স্থাপনে ফোন নম্বর যাচাই প্রয়োজন।

২০২৫ সালের মে মাস থেকে অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত এনক্রিপশন-সুরক্ষিত উন্নত বার্তা আদান-প্রদানের সুবিধা চালুর প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ছাড়া নম্বর যাচাই বন্ধ থাকলে দ্রুত অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সুবিধাও সীমিত হতে পারে।

গুগল জানিয়েছে, তারা ফোন নম্বরসহ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কারও কাছে বিক্রি করে না। তবে স্বয়ংক্রিয়ভাবে নম্বর যুক্ত করার প্রক্রিয়া এবং বিজ্ঞাপন প্রদর্শনে নম্বরের ব্যবহার নিয়ে ব্যবহারকারীদের মধ্যে গোপনীয়তা-সংক্রান্ত প্রশ্ন রয়েছে।

গত বছরের মে মাসে গুগল জানিয়েছিল, নির্দিষ্ট কিছু অঞ্চলে তারা নতুন একটি নীতি পরীক্ষা করছে। ওই নীতি অনুযায়ী, গুগল অ্যাকাউন্টে ফোন নম্বর যুক্ত না করলে বিনামূল্যের সংরক্ষণসুবিধা মাত্র ৫ গিগাবাইটে সীমিত থাকতে পারে, যেখানে সাধারণভাবে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত বিনামূল্যে সংরক্ষণসুবিধা পাওয়া যায়। সূত্র: এনগ্যাজেট
সানা/ডিসি/আপ্র/২৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পুলিশের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বৈষম্য বাড়ার শঙ্কা
২৬ অক্টোবর ২০২৬

পুলিশের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বৈষম্য বাড়ার শঙ্কা

পুলিশি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি বৈষম্য আরো গভীর হওয়ার আশঙ্ক...

খুনের বিচার এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তায় নিজের মৃত্যুর ছবি বানালেন
২৬ অক্টোবর ২০২৬

খুনের বিচার এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তায় নিজের মৃত্যুর ছবি বানালেন

ভারতের উত্তর প্রদেশে হত্যা মামলার বিচার থেকে বাঁচতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিজের মৃত্যুর ছবি তৈরি...

চন্দ্রপৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি
২৫ অক্টোবর ২০২৬

চন্দ্রপৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি

চাঁদের তলপৃষ্ঠে হুবহু পৃথিবীর মানচিত্র অঙ্কিত রয়েছে- এমন চাঞ্চল্যকর দাবি করে তা বিশ্বদরবারে তুলে ধরা...

প্রকৌশল ডিগ্রি ছাড়াই বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
২৪ অক্টোবর ২০২৬

প্রকৌশল ডিগ্রি ছাড়াই বৈদ্যুতিক উড়ন্ত গাড়ি বানালেন তরুণ

আনুষ্ঠানিক বিজ্ঞান বা প্রকৌশল শিক্ষা ছাড়াই অনলাইনে শেখা ও হাতে-কলমে দীর্ঘদিনের পরীক্ষানিরীক্ষার মাধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে