বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল)। প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে খেলতে যাচ্ছেন বাঁহাতি এই পেসার। তাকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় ডি থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম চলাকালে আসে খবরটি। নিলাম পরিচালনার সময় মোস্তাফিজের বিগ ব্যাশে খেলার বিষয়টি জানানো হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালও নিশ্চিত করেন, রেনেগেডসের হয়ে খেলবেন এই পেসার।
বিগ ব্যাশে খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন মোস্তাফিজ। বোর্ড তাকে সেই অনুমতিও দিয়েছে। ফলে আগামী ১২ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় ডি থ্রি ট্রফির পুরোটা সময় তাকে পাবে না তার দল সেভেন রিংস সিমেন্ট।
সোমবারের নিলামে মোস্তাফিজকে ৭০ লাখ পয়েন্টে দলে নেয় সেভেন রিংস সিমেন্ট। তবে বিগ ব্যাশে তার ব্যস্ততার কারণে টুর্নামেন্টের প্রথম আসরেই এই পেসারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবশ্য মোস্তাফিজের অভিজ্ঞতার কমতি নেই। আইপিএল, পিএসএল, বিপিএল, আইএলটি২০, এলপিএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি। এবার যুক্ত হতে যাচ্ছে সেই তালিকায় বিগ ব্যাশও।
মোস্তাফিজের আগে বাংলাদেশের হয়ে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। রিশাদও এবার খেলবেন টুর্নামেন্টটিতে। টানা দ্বিতীয় মৌসুমের জন্য হোবার্ট হারিকেনসের হয়ে মাঠে নামবেন এই লেগ স্পিনার।
ডিসি/আপ্র/২৬/১০/২০২৬