ঢাকাই সিনেমার এক সময়ের নায়িকা সাদিকা পারভীন পপির মা মারা গেছেন। রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মরিয়ম বেগম মারা যান; তার বয়স হয়েছিল ৬৭ বছর।
চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান মিজান পপির মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি গ্লিটজকে বলেন, মঙ্গলবার রাতে পপির মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়ার প্রস্তুতি চলছিল।
হাসপাতালেই রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকায় ফজরের নামাজের পর মরিয়ম বেগমের জানাজা হয়েছে। এরপর তার মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম।
গুলশানের নিকেতনের বাসায় গত ১৪ অক্টোবর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তারপর ওই রাতেই তাকে মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। মরিয়ম বেগমের মৃত্যুর খবর জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন চিত্রনায়ক ওমর সানিও।
পপি ও মৌসুমী দুজনে চাচাতো বোন। ওমর সানি লিখেছেন, “মৌসুমী আর পপি ফার্স্ট কাজিন, সেই সূত্র ধরে পপির মাও আমার আমার শাশুড়ি।
“৯৭ থেকে তাকে আমি সব সময় আম্মা বলে ডাকতাম, উনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে । আল্লাহ জান্নাত নসিব করুন। ক্রমাগত ভাবে মুরুব্বীদেরকে হারাচ্ছি তারপর আমার যাওয়ার পালা।“
ডিসি/আপ্র/২৮/১০/২০২৬