চলতি মাসে চরম ভয়াবহতা ছড়িয়ে চলেছে ডেঙ্গু। প্রতিদিনই এডিস মশাবাহিত এ ভাইরাসটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। এরই ধারাবাহিকতায় এবার একদিনে আরো ৯ জনের প্রাণহানি ঘটেছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। সেইসঙ্গে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪০৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৬৪ জন। এছাড়া, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৭১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জনে। এ পর্যন্ত মোট ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৮১৬ জন। এছাড়া চট্টগ্রামে ৩১৩ জন, খুলনায় ২১৪ জন, বরিশালে ১৯৪ জন, রাজশাহীতে ২১৭ জন, ময়মনসিংহে ৮৪ জন এবং রংপুরে ১১৬ জন রোগী ভর্তি হয়েছেন।
এসি/আপ্র/২৮/১০/২০২৬