টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী পশ্চিম থানা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি টঙ্গী সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে হোসেন মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসান রাজু।
মিছিলে টঙ্গী পশ্চিম থানা যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাঁদের উপস্থিতিতে মিছিলটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
সমাবেশে মাহমুদ হাসান রাজু বলেন, যুবদলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথি সাজেদুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল, শক্তিশালী ও জনবান্ধব সংগঠন হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে সংগঠনকে আরো সুসংগঠিত ও গতিশীল করার অঙ্গীকার করেন তিনি।
সাজেদুল ইসলাম আরো বলেন, যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মানুষের পাশে থাকতে চান তাঁরা। আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সানা/আপ্র/২৯/১০/২০২৬