জুলাই জাতীয় সনদ যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপির নোট অব ডিসেন্টসহ সনদে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে কি না - এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই তো আমরা এই সংবিধান সংশোধন কমিটিতে সবার বক্তব্য শুনছি। যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটা বাস্তবায়নে আমরা অঙ্গীকার, প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেটা বহুবার বলেছি।’
তিনি বলেন, ‘কেউ এখন যদি দাবি করে যে নোট অব ডিসেন্ট বেঁধে রেখে বাস্তবায়নের জন্য; সে জায়গায় আমরা নাই। ঐকমত্য সেখানে হয়নি। ঐকমত্যে দিয়েছে সবাই স্বাক্ষর করেছে। এটা জাতীয় একটা অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে। আমরা সেই জুলাই জাতীয় সনদ অবশ্যই যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবে বাস্তবায়ন করব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্যেই সংবিধান সংশোধনের বিষয় সীমাবদ্ধ থাকবে না। সংবিধান সংশোধনের ক্ষেত্রে আরো বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে।
তিনি বলেন, ‘আরো অনেক বিষয় আছে এখানে সংশোধনের মধ্যে আনতে হবে। আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে, বিভিন্ন জনতার মধ্যে আছে। আমাদের আরো কিছু বক্তব্য হয়তো সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে আসতে পারে। সেগুলো আমরা ধারণ করে একটা বিল পার্লামেন্টে উপস্থাপনের জন্য রিপোর্টটা প্রদান করবো।’
এদিকে বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে কমিটি। শহীদদের মা-বাবা, ভাইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মোট ৬৩ জন এতে অংশ নেন।
শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং তাঁদের সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়েছেন বলে জানান কমিটির সভাপতি। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত জায়গায় ধারণ করার প্রস্তাবও এসেছে বলে জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষার জন্য আইন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁদের জন্য সাংবিধানিক সুরক্ষার বিষয়টিও সংবিধানের নির্দিষ্ট জায়গায় ধারণ করা হবে।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে দায়ীদের বিচার দ্রুত করার দাবিও এসেছে বলে জানান তিনি। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার ত্বরান্বিত করতে সরকার আন্তরিক বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সানা/আপ্র/৬/১০/২০২৬