বিশ্বের দূষিত শহরের তালিকায় মঙ্গলবার সকালে শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যে এ সময় ঢাকার বায়ুমান সূচক ছিল ২৩৪। এ মাত্রার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইকিউ এয়ারের তাৎক্ষণিক বায়ুমান সূচকে ঢাকার অবস্থান শীর্ষে দেখা যায়। একই সময়ে ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের কলকাতা।
দূষিত শহরের তালিকায় ১৯১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ভারতের রাজধানী দিল্লি ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৬২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে বায়ু অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। আর সূচকের স্কোর ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
আইকিউ এয়ার শহরভিত্তিক বায়ুদূষণের তাৎক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। আবহাওয়া ও অন্যান্য পরিবেশগত পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে বায়ুমান সূচকের অবস্থানও পরিবর্তিত হতে পারে।
সানা/আপ্র/৬/১০/২০২৬