গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থা’ শীর্ষক আলোচনা

বাক্স্বাধীনতা নিয়ে মাহদীর দাবি, টিআইবির তথ্যে ভিন্ন চিত্র

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৫ এএম ২০২৬
বাক্স্বাধীনতা নিয়ে মাহদীর দাবি, টিআইবির তথ্যে ভিন্ন চিত্র
ছবি

মঙ্গলবার টিআইবির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন -ছবি সংগৃহীত

গত সাত মাসে বিএনপি সরকার দেশে অভূতপূর্ব বাক্স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তাঁর দাবি, এ সময়ে রাষ্ট্র পরিচালনায় একবারও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। তবে তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, তাঁর কাছে থাকা তথ্য ভিন্ন চিত্র তুলে ধরছে।

টিআইবির তথ্য অনুযায়ী, বাক্স্বাধীনতা চর্চার কারণে গত সাত মাসে কমপক্ষে ৫২টি বিভিন্ন ধরনের হয়রানির ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় ৫৮ জনকে আটক করা হয়েছে। একই সময়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে ১ হাজার ৭৩০টির বেশি। এর মধ্যে ৫০৩ জন ধর্ষণের শিকার হয়েছেন এবং কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে ৫১টি, সরাসরি আইন প্রয়োগকারী সংস্থার হাতে সাতজনের মৃত্যু হয়েছে এবং অন্তত একটি গুমের ঘটনায় একটি আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্টতার তথ্য রয়েছে বলে জানান ইফতেখারুজ্জামান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় তাঁরা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, গত সাত মাসে বিএনপি সরকার অভূতপূর্ব বাক্স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে। তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। ১৭ বছরের ফ্যাসিবাদের জঞ্জাল একবারে মূলোৎপাটন করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এই সময়ে রাষ্ট্রীয় মদদে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। রাষ্ট্রীয় মদদে বিরোধী দলের মত, পথ বা ভিন্ন আদর্শও হরণ করা হয়নি।

তিনি বলেন, “আমরা দেখছি ইতিহাসের সর্বোচ্চ বাক্স্বাধীনতা, যেখানে ক্ষেত্রবিশেষে অশালীন বা অশ্রাব্য আচরণও করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি সর্বোচ্চ সহিষ্ণুতা এবং সহাবস্থান। কারণ, এটাই ছিল জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা।”

তবে ইফতেখারুজ্জামান বলেন, তাঁর কাছে থাকা তথ্য ভিন্ন কথা বলছে। বাক্স্বাধীনতা চর্চার কারণে হয়রানি ও আটকের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এসব ঘটনায় বেশির ভাগ ব্যক্তিকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়েছে। গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে বাক্স্বাধীনতা চর্চার কারণে এই আইনে আটক প্রত্যাশিত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ঘটনা ১ হাজার ৭৩০টির বেশি। এর মধ্যে ৫০৩ জন ধর্ষণের শিকার হয়েছেন এবং কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। আটকে রেখে নির্যাতনের ঘটনা ৫১টি। সরাসরি আইন প্রয়োগকারী সংস্থার হাতে সাতজনের মৃত্যু এবং অন্তত একটি গুমের ঘটনায় একটি আইন প্রয়োগকারী সংস্থার সম্পৃক্ততার তথ্য রয়েছে।

আইন প্রণয়নের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন ইফতেখারুজ্জামান। তাঁর অভিযোগ, দ্বিতীয় দফায় যেসব অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে, একটির ক্ষেত্রেও অংশগ্রহণমূলক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। প্রয়োজনীয় আইন প্রণয়নের প্রক্রিয়া অংশগ্রহণমূলক না হলে তা চাপিয়ে দেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এর ফলে যারা অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের ওপরই মানবাধিকার লঙ্ঘনের বিচারের দায়িত্ব দেওয়া হচ্ছে। এটি কোনো গণতান্ত্রিক চর্চা হতে পারে না।

এর জবাবে মাহদী আমিন বলেন, রাষ্ট্রীয় মদদে কিছু হচ্ছে না। আগে একটি নির্দিষ্ট অফিস বা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে হস্তক্ষেপ করা হতো। এখন রাষ্ট্রের কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে।

সংসদের প্রথম অধিবেশনে প্রায় ১০০টি অধ্যাদেশ আইনে রূপান্তর করাকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, যাঁরা সরাসরি আইন প্রণয়নের সঙ্গে জড়িত, তাঁদের কাছে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং খসড়াও অনেক আগে প্রকাশ করা হয়েছে।

আইন প্রণয়ন একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে মাহদী আমিন বলেন, কোনো আইন প্রণয়নের পরও তা সংশোধনের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক মানে উন্নীত করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনও করা হচ্ছে।

গত সাত মাসে রাষ্ট্রীয় মদদে কিংবা রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি। মাহদী আমিন বলেন, “এই স্পিরিটটাকে আমরা ধরে রাখতে চাই।” তাঁর ভাষায়, “একটা সময় ওপর দিক থেকে চাপিয়ে দেওয়া হতো, আর এখন যখন নিচ থেকে খবর ওপরের দিকে আসে, তখন অ্যাকশন নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে। এটাই তো একটা বড় ধরনের পরিবর্তন।”

জ্বালানি-বিদ্যুৎ সংকট কাটাতে সময় লাগবে: আলোচনা সভায় জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন মাহদী আমিন। তিনি বলেন, এ খাতে ১৭ বছরের পুঞ্জীভূত সমস্যা রয়েছে। এক দিন বা এক মাসে এসব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে আগামী ছয় মাস, দুই বছর ও পাঁচ বছরে কীভাবে পরিবর্তন আনা যায়, সে বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী ১০ বছরে জ্বালানি খাতে যতটা সম্ভব স্বাবলম্বী ও স্বনির্ভর হওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

সরকার নারী ও তরুণদের যোগ্যতাকে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, বিএনপি সরকারের ক্ষমতার একমাত্র উৎস জনগণ। তাঁর দাবি, আগের সরকার ক্ষমতার জন্য রাষ্ট্রযন্ত্র, বিভিন্ন বাহিনী, বিচার বিভাগ, প্রশাসন কিংবা নতজানু পররাষ্ট্রনীতির ওপর নির্ভর করেছিল। সে কারণে দেশে গণতন্ত্রের ঘাটতি ছিল, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল এবং স্বৈরশাসন মাথাচাড়া দিয়েছিল।

বাংলাদেশে বারবার গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এ দেশে বাকশাল, স্বৈরশাসন ও ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। বাকশালের পর জিয়াউর রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্র এবং স্বৈরশাসনের পর খালেদা জিয়ার হাত ধরে সংসদীয় গণতন্ত্র এসেছে। তাঁর বক্তব্য, ফ্যাসিবাদের পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ আবার গণতান্ত্রিক কক্ষপথে ফিরেছে।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নওশাদ জমির, চিকিৎসক ও তরুণ রাজনীতিক তাসনিম জারা এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্তী প্রমুখ।
সানা/আপ্র/১৫/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
১৫ সেপ্টেম্বর ২০২৬

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসাম...

হাসিনাকে চাইছি, কাদেরসহ অন্যদের চাইব না কেন
১৫ সেপ্টেম্বর ২০২৬

হাসিনাকে চাইছি, কাদেরসহ অন্যদের চাইব না কেন

ব্রিফিংয়ে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

দুই টার্মিনালে সক্ষমতার ৯০ শতাংশ এলএনজি, সরবরাহ ২৬১০
১৫ সেপ্টেম্বর ২০২৬

দুই টার্মিনালে সক্ষমতার ৯০ শতাংশ এলএনজি, সরবরাহ ২৬১০

মহেশখালীর দুই ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বাড়ায় দেশে গ্যাসের মোট সরবরাহ বেড়ে দৈনিক ২ হাজার ৬...

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি
১৫ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই