উত্তর কোরিয়া রোববার দেশটির পূর্ব উপকূল থেকে জাপান সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। আট দিন আগে উত্তর কোরিয়া জাপান সাগর অভিমুখে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে পিয়ংইয়ং এটিকে যৌথ গোলাবর্ষণ মহড়ার অংশ বলে বর্ণনা করে। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এদিকে, চলতি সপ্তাহে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার একটি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। ওই প্রস্তাবে উত্তর কোরিয়াকে পারমাণবিক কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার ওয়ানসান এলাকা থেকে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে জাপান সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করেছে।’
সম্ভাব্য আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে নজরদারি ও সতর্কতা বাড়ানো হয়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে।
ক্ষেপণাস্ত্রটির বিষয়ে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান ‘ঘনিষ্ঠভাবে তথ্য বিনিময়’ করছে।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তারা ক্ষেপণাস্ত্রটিকে ‘সম্ভাব্য ব্যালিস্টিক’ হিসেবে উল্লেখ করে। পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি ‘ইতোমধ্যে পতিত হয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ডিসি/আপ্র/২০/০৯/২০২৬