বছরের পর বছর ধৈর্য, যত্ন আর চুলের প্রতি ভালোবাসাকে বিরল এক অর্জনে পরিণত করেছেন ভারতের উত্তরাখণ্ডের বাসিন্দা রেণু ধারিয়াল। ২৭১ দশমিক ৫০ সেন্টিমিটার বা ৮ ফুট ১০ ইঞ্চি লম্বা চুল নিয়ে নারীদের মধ্যে বিশ্বের দীর্ঘতম চুলের অধিকারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে উত্তরাখণ্ডের হলদোয়ানি শহরে রেণুর চুলের দৈর্ঘ্য আনুষ্ঠানিকভাবে পরিমাপ ও যাচাই করা হয়। তাঁর চুলের দৈর্ঘ্য বিশ্বের ইতিহাসের সবচেয়ে লম্বা মানুষ রবার্ট ওয়াডলোর উচ্চতা ২৭২ সেন্টিমিটারের চেয়ে মাত্র সামান্য কম।
গিনেস কর্তৃপক্ষ জানায়, ২০১৫ সাল থেকে রেণু নিয়মিত চুল বাড়াচ্ছেন। দীর্ঘ এই সময়ে তিনি একবারও চুল কাটেননি। তাঁর মতে, ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যে দীর্ঘ চুলকে সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে দেখা হয়। সেই সাংস্কৃতিক ধারণাই তাঁকে চুল বড় করার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে।
এত দীর্ঘ হওয়ার পরও রেণুর চুল ঘন ও উজ্জ্বল। চলাফেরা কিংবা দৈনন্দিন কাজে চুল সামলাতে তিনি সাধারণত তা লম্বা বেণি করে রাখেন। গিনেস প্রকাশিত ছবিতে তাঁকে মেঝে বা বিছানার প্রান্তে বসে দীর্ঘ চুল ছড়িয়ে রাখতে দেখা গেছে।
রেণুর এই অর্জনের মধ্য দিয়ে নারীদের দীর্ঘতম চুলের আগের রেকর্ডটি হাতবদল হয়েছে। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন ইউক্রেনের আলিয়া নাসিরোভা। তাঁর চুলের দৈর্ঘ্য ছিল ২৫৭ দশমিক ৩৩ সেন্টিমিটার বা ৮ ফুট ৫ দশমিক ৩ ইঞ্চি। রেণুর চুল তাঁর চেয়ে ১৪ সেন্টিমিটারেরও বেশি লম্বা।
তবে এত দীর্ঘ চুল ধরে রাখা সহজ ছিল না। চুলের যত্ন নেওয়া, জট ছাড়ানো ও ধোয়ার কাজে প্রতিদিনই তাঁকে দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে। গিনেস কর্তৃপক্ষও তাঁর এই কঠোর পরিশ্রমের প্রশংসা করেছে।
রেণু জানান, চুলের যত্নে তিনি বাণিজ্যিক রাসায়নিকযুক্ত প্রসাধনীর পরিবর্তে ঘরোয়া ও প্রাকৃতিক উপাদান ব্যবহারে বেশি গুরুত্ব দেন। নিজেই তৈরি করা তেল ও শ্যাম্পু ব্যবহার করেন তিনি।
পেশাগত জীবনে রেণু একজন বিষয়বস্তু নির্মাতা ও ইউটিউবার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত চুল ও রূপচর্চা নিয়ে বিভিন্ন পরামর্শ ও অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। তাঁর অস্বাভাবিক দীর্ঘ চুল ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। সূত্র: ইন্ডিয়া টুডে
সানা/কেএমএএ/আপ্র/৮/৮/২০২৬