জর্ডানের রাজধানী আম্মানে ভিক্ষা করার সময় এক নারীর কাছে পাওয়া গেছে প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৫ লাখ টাকা। বুধবার (১২ আগস্ট) দেশটির সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার প্রতিবেদনে বলা হয়েছে, আম্মানের একটি বাণিজ্যিক এলাকায় ভিক্ষা করার সময় ওই নারীকে আটক করা হয়। সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের ভিক্ষাবিরোধী দল ও জননিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই নারী দীর্ঘদিন ধরে নিয়মিত ভিক্ষা করছিলেন। প্রতিদিন ভিক্ষা করে পাওয়া অর্থের একটি অংশ জমিয়ে রাখার পাশাপাশি তিনি তা বিভিন্ন বিদেশি মুদ্রায় রূপান্তর করতেন। এভাবেই তাঁর কাছে বিপুল পরিমাণ অর্থ জমা হয়।
তবে কত দিন ধরে তিনি ভিক্ষা করে আসছিলেন, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। তাঁর জাতীয়তাও প্রকাশ করা হয়নি। আটকের পর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
ঘটনার পর জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় নাগরিকদের রাস্তায় ভিক্ষা করা ব্যক্তিদের সরাসরি অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভিক্ষুকদের কেউ কেউ অসুস্থতা বা চরম আর্থিক সংকটে থাকার কথা বলে মানুষের সহানুভূতি অর্জনের চেষ্টা করেন।
অসহায় মানুষকে সহায়তা করতে চাইলে অনুমোদিত দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ দেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সন্দেহজনক ভিক্ষাবৃত্তির ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ভিক্ষাবৃত্তি বন্ধে ভিক্ষাবিরোধী দলগুলো নিয়মিত অভিযান পরিচালনা করছে। সূত্র: আরব নিউজ
সানা/আপ্র/১৪/৮/২০২৬