শোবিজে এক যুগেরও বেশি সময় ধরে পথচলা সাফা কবিরের। ছোট পর্দায় নিজের উপস্থিতি দিয়ে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এখন অবশ্য নিয়মিত কাজ করেন না, বেছে বেছে অভিনয় করেন এই অভিনেত্রী।
নারী হিসেবে সাফল্যময় পথচলার স্বীকৃতি হিসেবে সম্প্রতি ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন সাফা কবির। সম্মাননা পাওয়ার পর বেশ আনন্দিত এই অভিনেত্রী। সেই আনন্দের অনুভূতি থেকেই অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন তিনি।
ফেসবুকে দেওয়া এক বার্তায় সাফা কবির লেখেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’
এর আগে পুরস্কারের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাফা। তিনি লেখেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরো পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’
কোরবানির ঈদে সর্বশেষ পর্দায় দেখা গেছে সাফা কবিরকে। ওই উৎসবে তার অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়। নাটকগুলো দর্শকের প্রশংসাও পেয়েছে।
এরপর কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ঘুরে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। দেশে ফেরার পর নতুন কোনো কাজে তাকে দেখা যাবে কি না, তা এখনো জানা যায়নি। আপাতত নিজের মতো করে সময় কাটাচ্ছেন সাফা। নতুন কোনো কাজ বা চমক নিয়ে আবারো পর্দায় হাজির হন কি না, সেটিই এখন দেখার বিষয়।
এসি/আপ্র/১৬/৯/২০২৬