গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুর্যোগের দিনে পরীক্ষা নয়, আগে চাই নিরাপদ জীবন

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ০২:২৫ এএম ২০২৬
দুর্যোগের দিনে পরীক্ষা নয়, আগে চাই নিরাপদ জীবন
ছবি

ফাইল ছবি

প্রকৃতির রুদ্ররূপ যখন জনপদকে বিপর্যস্ত করে, মানুষের জীবন যখন নিরাপত্তাহীনতার চরম পরীক্ষার মুখোমুখি দাঁড়ায়, তখন কোনো আনুষ্ঠানিকতা, কোনো সূচি কিংবা কোনো প্রথা কি মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে? বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার মধ্যে কোমরসমান পানি মাড়িয়ে, নৌকা, ভ্যান ও রিকশায় চড়ে পরীক্ষাকেন্দ্রে ছুটে যাওয়া শিক্ষার্থীদের দৃশ্য আমাদের সেই মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা দিতে গিয়ে যদি একজন শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিতে হয়, তবে সেই পরীক্ষার আয়োজনের দর্শন নিয়েই নতুন করে ভাবার সময় এসেছে।

পরীক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ। একটি পাবলিক পরীক্ষা শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখে। বছরের পর বছর পরিশ্রম, স্বপ্ন ও প্রত্যাশার সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু সেই পরীক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ হলো শিক্ষার্থীর জীবন, নিরাপত্তা ও মানসিক সুস্থতা। জীবন বাঁচলে পরীক্ষা দেওয়ার সুযোগ আবার তৈরি করা যায়, একটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা যায়; কিন্তু একটি দুর্ঘটনা, একটি অনাকাঙিক্ষত প্রাণহানি কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না।

কুমিল্লায় জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগের পর একটি কেন্দ্র পরিবর্তন এবং দেরিতে পৌঁছানো শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে মানবিক পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হলো, এমন পরিস্থিতি তৈরি হওয়ার আগেই কি আরো দ্রুত ও দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না? কারণ সমস্যা শুধু একটি কেন্দ্রের নয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে শিশু শিক্ষার্থী থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভেজা পোশাকে, দুর্ভোগের পথ পেরিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়েছে।

একটি শিশুর হাতে পরীক্ষার খাতা দেওয়ার আগে রাষ্ট্রের প্রথম দায়িত্ব তার নিরাপদ পথ নিশ্চিত করা। যে শিশু বৃষ্টির পানিতে ভিজে কাঁপতে কাঁপতে বিদ্যালয়ে যায়, যে শিক্ষার্থী পানিবন্দি ঘর থেকে বের হয়ে পরীক্ষা দিতে বাধ্য হয়, তার মানসিক অবস্থা কি স্বাভাবিক থাকে? তার মনোযোগ, আত্মবিশ্বাস ও পরীক্ষার প্রস্তুতি কি আগের মতো থাকে? এই প্রশ্নগুলো কেবল আবেগের নয়, শিক্ষাবিজ্ঞানেরও।

প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পরীক্ষা গ্রহণ অনেক ক্ষেত্রেই অমানবিক এবং বৈজ্ঞানিক বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ। কারণ শিক্ষা শুধু পরীক্ষা নেওয়ার নাম নয়; শিক্ষা হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থী তার সর্বোচ্চ সক্ষমতা প্রকাশ করতে পারে। ভয়, উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে নেওয়া পরীক্ষা কখনোই প্রকৃত মূল্যায়নের মানদণ্ড হতে পারে না।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। তাই পুরোনো পদ্ধতিতে পরীক্ষা পরিচালনার চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের মধ্যে একটি স্থায়ী সমন্বয় ব্যবস্থা গড়ে তুলতে হবে।

প্রয়োজনে বড় পরীক্ষাগুলোর জন্য দুর্যোগকালীন বিকল্প নীতিমালা তৈরি করতে হবে। আবহাওয়ার পূর্বাভাস ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত পরীক্ষা স্থগিত, তারিখ পরিবর্তন কিংবা অঞ্চলভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। একটি পরীক্ষার সময়সূচি অপরিবর্তনীয় কোনো পাথরের লিখন নয়; মানুষের কল্যাণের জন্যই সব ব্যবস্থা।

রাষ্ট্রের শক্তি শুধু দ্রুত উন্নয়ন কিংবা বড় আয়োজনের মধ্যে নয়, বরং সংকটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতার মধ্যেও প্রকাশ পায়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নাগরিক। তাদের মনে যদি রাষ্ট্রের প্রতি আস্থা, নিরাপত্তা ও মানবিকতার অনুভূতি তৈরি করতে হয়, তবে তাদের জীবনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

দুর্যোগের দিনে পরীক্ষার খাতা নয়, সবার আগে প্রয়োজন নিরাপদ আশ্রয়, নিরাপদ পথ ও নিরাপদ জীবন। কারণ একটি জাতির ভবিষ্যৎ নম্বরপত্রে নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বিকাশের মধ্যেই নিহিত।

সানা/আপ্র/১৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামের পানিতে জীবাণু, জরুরি নজরদারি প্রয়োজন
০৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের পানিতে জীবাণু, জরুরি নজরদারি প্রয়োজন

পানি জীবনের অপরিহার্য উপাদান। সেই পানির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা মানে জনস্বাস্থ্যের মৌলিক নিরাপত্তা...

জননিরাপত্তা আজ সবচেয়ে বড় রাষ্ট্রীয় পরীক্ষা
০২ সেপ্টেম্বর ২০২৬

জননিরাপত্তা আজ সবচেয়ে বড় রাষ্ট্রীয় পরীক্ষা

রাষ্ট্রের সবচেয়ে মৌলিক দায়িত্ব কী? নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ আজ সেই মৌলিক ন...

‘বাংলার টেসলা’ বন্ধ নয়, চাই সুশৃঙ্খল রূপান্তর
০১ সেপ্টেম্বর ২০২৬

‘বাংলার টেসলা’ বন্ধ নয়, চাই সুশৃঙ্খল রূপান্তর

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অবাধ বিস্তার এখন আর নিছক পরিবহন-সমস্যা নয়; এটি নগর ব্যবস্থাপনার গ...

ছিনতাইয়ের হ্যাঁচকায় বিপন্ন রাজধানীর নাগরিক জীবন, জননিরাপত্তার দায় কার?
৩১ আগস্ট ২০২৬

ছিনতাইয়ের হ্যাঁচকায় বিপন্ন রাজধানীর নাগরিক জীবন, জননিরাপত্তার দায় কার?

রাজধানীর রাস্তায় এখন ছিনতাই কেবল মানুষের অর্থ-সম্পদ কেড়ে নেওয়ার অপরাধ নয়; এটি নাগরিকের জীবন ও রাষ্ট্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে