দেশে আগামী এক বছরের জন্য টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন রোগের ৯ কোটি ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকার।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান মঙ্গলবার (১২ মে) দুপুরে সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কাজের অগ্রগতি তুলে ধরেন।
জাহেদ উর রহমান বলেন, ইউনিসেফের মাধ্যমে ১০ ধরনের প্রায় ৯ কোটি ৫০ লাখ ডোজ টিকা সংগ্রহের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ৮৩ দশমিক ৬ মিলিয়ন ডলার পরিশোধ করেছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি মাসের শুরু থেকেই টিকার চালান দেশে আসা শুরু হয়েছে। গত ৩ মে প্রথম চালানে ১৫ লাখের বেশি আইপিভি ভ্যাকসিন দেশে পৌঁছেছে।
এরপর ৬ মে আরো ১৫ লাখ ডোজ এমআর এবং ৯ লাখ ডোজ টিডি ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে।
উপদেষ্টা জানান, ১০ মে পর্যন্ত দেশে এমআর, টিডি, বিসিজি, টিসিভি, ওরাল পোলিও এবং পেন্টাসহ বিভিন্ন ক্যাটাগরির মোট ১ কোটি ৩২ লাখ ডোজ টিকা এসে পৌঁছেছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের মধ্যেই ভ্যাকসিনের পুরো সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, দেশে ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশুদের জন্য ১ কোটি ৮০ লাখ এমআর টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল, যা ইতোমধ্যে ‘শতভাগ’ অর্জিত হয়েছে। বর্তমানে দেশে টিসিভি ও এইচপিভি ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং নতুন সরবরাহের ফলে আগামী ৮ থেকে ১২ মাস টিকার কোনো সংকট হবে না।
বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেন, প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর ৮ মে থেকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পুনরায় উৎপাদন শুরু করেছে।
২০৩০ সাল নাগাদ ইআরএল-এর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প হাতে নেওয়ার কথাও বলেন জাহেদ উর রহমান।
নতুন এই প্রকল্পের আওতায় বার্ষিক ৩ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল প্রক্রিয়াজাত করার ক্ষমতাসম্পন্ন নতুন একটি ইউনিট স্থাপন করা হবে।
উপদেষ্টা বলেন, এতে দেশের জ্বালানি নিরাপত্তা আরো সুদৃঢ় হওয়ার পাশাপাশি অধিকতর পরিবেশবান্ধব জ্বালানি তেল উৎপাদন এবং পরিশোধিত জ্বালানি তেলের আমদানি নির্ভরতা হ্রাস করা সম্ভব হবে। তিনি দাবি করেন, ১১ মে পর্যন্ত দেশে কোনো লোডশেডিং হয়নি এবং বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ‘স্বাভাবিক’ রয়েছে।
কোরবানির ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে রেল ও নৌপথে বিশেষ প্রস্তুতি নেওয়ার কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন উপদেষ্টা।
তিনি বলেন, ১৩ মে থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। ঈদ উপলক্ষে ৫ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেই সঙ্গে নৌপথে ৫ মে থেকে কার্যকর হওয়া পুনর্র্নিধারিত ভাড়ার পাশাপাশি ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।
ঈদ ঘিরে সড়কে যানজট নিরসনে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও বিজিবি মোতায়েনের কথাও তিনি বলেন।
তথ্য উপদেষ্টা সংবাদ সম্মেলনে জানান, হাওর অঞ্চলসহ বন্যা কবলিত ৭টি জেলায় ৮৪ শতাংশের বেশি বোরো ধান কাটা শেষ হয়েছে। ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ৩ মে থেকে সরকারি ক্রয় অভিযান শুরু হয়েছে।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে প্রায় ২৯ লাখ উপকারভোগীর মাঝে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে বলে জানান তিনি।
অন্যান্য বিষয়ের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষককে ট্যাব বিতরণের উদ্যোগের কথা সংবাদ সম্মেলনে জানানো হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসীন ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৩/৫/২০২৬