গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মেনু

মোটরবাইকের লাগামহীন বিস্তার, সড়কে মৃত্যুর মিছিল

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ১৬:০৬ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫১ এএম ২০২৬
মোটরবাইকের লাগামহীন বিস্তার, সড়কে মৃত্যুর মিছিল
ছবি

ফাইল ছবি

মোটরবাইক এখন অনেকের কাছে দ্রুত যাতায়াতের বাহন, কারো কাছে স্বাধীনতার অনুভূতি, আবার কিশোর-তরুণের একাংশের কাছে দুঃসাহস দেখানোর উপকরণ। কিন্তু এই বাহনের অনিয়ন্ত্রিত বিস্তার, বেপরোয়া গতি ও আইন অমান্যের সংস্কৃতি বাংলাদেশের সড়কে এক ভয়াবহ মৃত্যুফাঁদ তৈরি করেছে। নোয়াখালীর সুবর্ণচরে মেঘনার তীরে বেড়াতে যাওয়ার পথে তিন বন্ধু শাহদাত হোসেন, আবদুল করিম ও শামীমের মর্মান্তিক মৃত্যু সেই বাস্তবতারই নির্মম স্মারক। ১৭, ১৯ ও ২২ বছরের তিন তরুণের আনন্দভ্রমণ শেষ হয়েছে সেতুর গার্ডারে ধাক্কা খেয়ে। আগের দিন গাজীপুরের সফিপুর উড়ালসড়কে মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিন সদস্য-স্বামী, স্ত্রী ও আট বছরের সন্তান-প্রাণ হারিয়েছেন। ১২ নভেম্বর পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ১৫ বছর বয়সী তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু এবং ১৩ নভেম্বর ঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই তরুণের প্রাণহানিও একই সংকেত দিচ্ছে।

পরিসংখ্যান এই সংকটের ভয়াবহতা আরো স্পষ্ট করে। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত হন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ৩ হাজার ২৯টি, নিহত ২ হাজার ৬৭১ জন। অর্থাৎ মোট দুর্ঘটনার প্রায় ৪০ শতাংশ এবং মোট প্রাণহানির ৩৬ শতাংশের জন্য দায়ী মোটরসাইকেল। ২০২৪ সালেও ২ হাজার ৭৬১টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ২ হাজার ৬০৯ জনের। দুই বছরের হিসাবে বছরে গড়ে প্রায় ২ হাজার ৬৪০ জনের মৃত্যু হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এটি কোনো বিচ্ছিন্ন যানবাহন-সমস্যা নয়; জনস্বাস্থ্যের জরুরি সংকট।

বাহনের বিস্তারও উদ্বেগজনক। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসাবে, ২০২৫ সালে ২ লাখ ৮৯ হাজার ৮৩০টি মোটরসাইকেল নিবন্ধিত হয়েছে; ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্টেই নিবন্ধিত হয়েছে আরো ২ লাখ ১০ হাজার ৮৮টি। ২০২৫ সালের শেষে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা দাঁড়ায় প্রায় ৪৮ লাখ ৭১ হাজার। নিবন্ধনের সংখ্যা আমদানির সমান নয়-দেশে সংযোজন ও উৎপাদনও হয়। তাই আমদানি, স্থানীয় উৎপাদন, বিক্রি ও নিবন্ধনের পৃথক নির্ভরযোগ্য হিসাব প্রকাশ জরুরি। বাজার সম্প্রসারণের নীতির সঙ্গে সড়কের ধারণক্ষমতা, চালকের প্রশিক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত না হলে এই প্রবৃদ্ধি মৃত্যুঝুঁকিই বাড়াবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯ ধারায় চালক ছাড়া একজনের বেশি সহযাত্রী বহন নিষিদ্ধ; চালক ও সহযাত্রী উভয়ের হেলমেট বাধ্যতামূলক। অথচ তিনজনের এক মোটরসাইকেলে চলাচল, মানহীন বা হেলমেটবিহীন যাত্রা, অপ্রাপ্তবয়স্কের হাতে বাইক তুলে দেওয়া, অতিরিক্ত গতি ও বিপজ্জনক ওভারটেকিং প্রায় নিত্যদৃশ্য। আইন আছে, প্রয়োগ কোথায়? কেবল দুর্ঘটনার পর মামলা নয়, দুর্ঘটনার আগেই প্রতিরোধমূলক নজরদারি চাই।

আরো একটি বিপজ্জনক প্রবণতা হলো মোটরসাইকেলকে সহজলভ্য করলেও চালক তৈরির ব্যবস্থায় সমান গুরুত্ব না দেওয়া। দক্ষতা যাচাই ছাড়া লাইসেন্স, ভাড়ার গ্যারেজ থেকে মোটরবাইক নিয়ে অপ্রশিক্ষিত কিশোরের সড়কে নামা এবং সামাজিক মাধ্যমে বেপরোয়া চালনাকে বাহাদুরি হিসেবে দেখানোর প্রবণতা বন্ধ করতে হবে। বিদ্যালয়-কলেজে সড়ক নিরাপত্তা শিক্ষা, পরিবারে সচেতনতা এবং স্থানীয় প্রশাসনের নিয়মিত তদারকি একসঙ্গে চালু করা দরকার। দুর্ঘটনার প্রতিটি ঘটনায় কারণ, যানবাহনের গতি, চালকের বয়স, লাইসেন্স ও হেলমেট ব্যবহারের তথ্য সংরক্ষণ করে উন্মুক্ত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করতে হবে।

প্রথমত, অপ্রাপ্তবয়স্কের মোটরসাইকেল চালানো ও অভিভাবকের অবহেলা রোধে নিবিড় অভিযান চালাতে হবে। দ্বিতীয়ত, লাইসেন্স, নিবন্ধন, মানসম্মত হেলমেট এবং দুই আরোহীর বিধান নিশ্চিত করতে হবে; সিসিটিভি ও স্বয়ংক্রিয় গতি শনাক্তকরণে নিয়মিত নজরদারি গড়ে তুলতে হবে। তৃতীয়ত, ঝুঁকিপূর্ণ সেতু, বাঁক, উড়ালসড়ক ও মহাসড়কে নিরাপদ নকশা, আলোকসজ্জা, বালু-নির্মাণসামগ্রী অপসারণ এবং বাধা-রেলিং নিশ্চিত করতে হবে। চতুর্থত, মোটরসাইকেল আমদানি ও বাজারজাতকরণে নিরাপত্তামান, ইঞ্জিনক্ষমতা, ব্রেক ও আলোকব্যবস্থার কঠোর পরীক্ষা এবং দুর্ঘটনার তথ্যভিত্তিক নীতিমালা প্রণয়ন জরুরি।

মোটরবাইক নিষিদ্ধ করা সমাধান নয়; প্রয়োজন দায়িত্বশীল ব্যবহার ও জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ। তরুণের প্রাণ, পরিবারের স্বপ্ন এবং নাগরিকের নিরাপদ চলাচল বাজারের মুনাফা কিংবা কয়েক মিনিটের দ্রুততার চেয়ে অনেক মূল্যবান। আর একটিও পরিবার, একটিও বন্ধুমহল যেন এভাবে নিঃশেষ না হয়-রাষ্ট্রকে এখনই সেই ব্যবস্থা কার্যকর হতে হবে।
সানা/আপ্র/১৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সুস্থভাবে বাঁচতে জীবনযাত্রার সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ জরুরি
১৩ নভেম্বর ২০২৬

সুস্থভাবে বাঁচতে জীবনযাত্রার সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ জরুরি

দেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূ...

প্রতিহিংসার রাজনীতি রুখে স্থিতিশীলতা ফেরানো জরুরি
১৩ নভেম্বর ২০২৬

প্রতিহিংসার রাজনীতি রুখে স্থিতিশীলতা ফেরানো জরুরি

রাজনীতির উত্তাপ যখন রাজপথ ছাড়িয়ে জনজীবনকে অনিরাপদ করে তোলে, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মা...

রাজনৈতিক আগুনে যেন জননিরাপত্তা ও গণতন্ত্র না পোড়ে
১১ নভেম্বর ২০২৬

রাজনৈতিক আগুনে যেন জননিরাপত্তা ও গণতন্ত্র না পোড়ে

বাংলাদেশের রাজনীতিতে আবারো অস্থিরতার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ,...

সমবায়েই জাগুক সম্মিলিত উন্নয়নের নতুন শক্তি
১০ নভেম্বর ২০২৬

সমবায়েই জাগুক সম্মিলিত উন্নয়নের নতুন শক্তি

সমবায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের এমন একটি কার্যকর পদ্ধতি, যেখানে ব্যক্তির ক্ষুদ্র সামর্থ্য সম্মিলি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে