ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণালংকারের বাজারমূল্য সোয়া কোটি টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন নাসির মোল্লা (৪০), সোহাগ (২৪) ও হাছান মিয়া (২৩)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এয়ারপোর্ট এপিবিএনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের গোলচত্বরসংলগ্ন ফুটপাতে ওই তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।
পরে তাদের শরীর তল্লাশি করে ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এসব স্বর্ণালংকার ২১ ও ২২ ক্যারেট মানের। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ প্রায় ৭৪ ভরি এবং বাজারমূল্য সোয়া কোটি টাকার বেশি।
এপিবিএনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিভিন্ন দেশ থেকে যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক তিনজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে শুক্রবার বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
সানা/কেএমএএ/আপ্র/১১/৯/২০২৬