চট্টগ্রামে বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে হারিয়ে যাওয়া ১০৭টি মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন পর হারানো মুঠোফোন ফিরে পেয়ে অনেক মালিক আবেগাপ্লুত হয়ে পড়েন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মাসুদ আলম দায়িত্ব নেওয়ার পর হারানো মুঠোফোন উদ্ধারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে জেলার ১৭টি থানায় মুঠোফোন হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরিগুলো পর্যালোচনা করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ১০৭টি মুঠোফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার নগরের ২ নম্বর গেট এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মুঠোফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে মালিকেরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, পুলিশের এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরো বাড়াবে।
জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো সম্পদ উদ্ধার এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রম জোরদারে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সানা/আপ্র/২৭/১০/২০২৬