একঘেয়ে কালো ও আয়তাকার স্মার্টফোনের প্রচলিত নকশা থেকে বেরিয়ে এবার ভিন্নধর্মী একটি ডিভাইস নিয়ে এসেছে ফোন নির্মাতা প্রতিষ্ঠান ইউলেফোনের উপব্র্যান্ড রাগওয়ান। নতুন স্মার্টফোন ‘রাগওয়ান এক্সস্ন্যাপ ৭ প্রো’-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এতে থাকা চুম্বকযুক্ত ক্যামেরা ইউনিট, যা চাইলে ফোন থেকে খুলে আলাদাভাবে ব্যবহার করা যাবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, আলাদা করা যায় এমন এই ক্যামেরা ইউনিটটি অনেকটা অ্যাকশন ক্যামেরার মতো ব্যবহার করা সম্ভব। জার্মানির বার্লিনে আয়োজিত প্রযুক্তি মেলা আইএফএ ২০২৬-এ ডিভাইসটি প্রদর্শনের পর প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
মাত্র ৩৯ গ্রাম ওজনের ক্যামেরা
প্রায় ঘনক আকৃতির ক্যামেরা মডিউলটির ওজন মাত্র ৩৯ গ্রাম। এটি সর্বোচ্চ ২ দশমিক ৭ কে মানের ভিডিও প্রতি সেকেন্ডে ৩০টি ফ্রেমে ধারণ করতে পারে। যদিও আধুনিক গোপ্রো ক্যামেরার সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে ডিভাইসটিকে বিবেচনা করা হচ্ছে না, তবে স্মার্টফোনের সঙ্গে এমন আলাদা করা যায় এমন অ্যাকশন ক্যামেরা যুক্ত করার ধারণাটি প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে। রাগওয়ানের দাবি, ক্যামেরা মডিউলটি একবার পুরোপুরি চার্জ করলে প্রায় ৪০ মিনিট পর্যন্ত একটানা ব্যবহার করা যাবে। এতে রয়েছে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ সংরক্ষণক্ষমতা।
৫০ মিটার দূর থেকেও দেখা যাবে সরাসরি সম্প্রচার
ক্যামেরাটি সর্বোচ্চ ৫০ মিটার দূরত্ব পর্যন্ত রাগওয়ানের নিজস্ব সহায়ক অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা যাবে। সফটওয়্যারে রয়েছে ছবি বিকৃতি সংশোধন, দিগন্ত স্থির রাখা এবং ‘ফ্রিফ্রেম’সহ বেশ কিছু সুবিধা। ‘ফ্রিফ্রেম’ ব্যবস্থায় ক্যামেরার পুরো সেন্সর এলাকা ব্যবহার করে ভিডিও ধারণ করা হয়। ফলে পরে প্রয়োজন অনুযায়ী একই ফুটেজ লম্বালম্বি কিংবা আড়াআড়ি—দুই ধরনের বিন্যাসে কেটে নেওয়া সম্ভব।
ক্যামেরাটিকে আলাদা কোনো সুরক্ষা আবরণ ছাড়াই পানির নিচে পাঁচ মিটার গভীরতা পর্যন্ত ব্যবহার করা যাবে। নির্মাতা প্রতিষ্ঠানের দেওয়া চুম্বকযুক্ত লকেটের সাহায্যে ক্যামেরাটি শরীরের সঙ্গে ঝুলিয়ে বা আটকে ভিডিও ধারণের সুবিধাও থাকছে। এ ছাড়া সার্বজনীন সংযোজনব্যবস্থা সমর্থন করে এমন বিভিন্ন তৃতীয় পক্ষের আনুষঙ্গিক সরঞ্জামের সঙ্গেও ক্যামেরাটি ব্যবহার করা যাবে।
৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা
শুধু আলাদা করা যায় এমন ক্যামেরাই নয়, ‘রাগওয়ান এক্সস্ন্যাপ ৭ প্রো’-তে রয়েছে শক্তিশালী মূল ক্যামেরাও। এতে অপটিক্যাল ছবি স্থিরীকরণ সুবিধাসহ ৫০ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মূল ক্যামেরা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি রয়েছে ৬৪ মেগাপিক্সেলের অবলোহিত রাতের দৃশ্য ধারণের ক্যামেরা ও অবলোহিত এলইডি আলো।
ফলে রাতের বেলা বন্যপ্রাণী কিংবা সম্পূর্ণ অন্ধকার পরিবেশেও সাদাকালো ছবিতে তুলনামূলকভাবে স্পষ্ট বিস্তারিত দৃশ্য ধারণ করা সম্ভব হবে।
শক্তিশালী প্রসেসর ও টেকসই কাঠামো
ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির পর্দা। এর সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার ৭০০ নিটস এবং পর্দার পুনর্নবীকরণ হার ১২০ হার্টজ। কর্মক্ষমতার জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ টিন প্রসেসর।
স্থায়িত্বের দিক থেকেও ফোনটিকে বেশ শক্তপোক্ত করে তৈরি করা হয়েছে। এতে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯কে মানের সুরক্ষা। ফলে ফোনটি দুই মিটার গভীর পানিতে টানা ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকলেও সুরক্ষিত থাকার সক্ষমতা রাখে। দেড় মিটার উচ্চতা থেকে কংক্রিটের ওপর পড়ে গেলেও এটি টিকে থাকতে পারবে বলে জানিয়েছে নির্মাতা।
অক্টোবর থেকে নিয়মিত বিক্রি
চলতি বছরের শুরুতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ প্রোটোটাইপ হিসেবে ডিভাইসটির আংশিক প্রদর্শন করা হয়েছিল। তবে বার্লিনের আইএফএ মেলাতেই এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে কিকস্টার্টারে বিশেষ ছাড়ের আগাম অর্ডার নেওয়া শুরু হবে।
সেখানে ফোনটির দাম রাখা হয়েছে ৭৯৯ ইউরো, যা প্রায় ৯৩০ মার্কিন ডলারের সমান। এরপর অক্টোবর থেকে অ্যামাজন ও রাগওয়ানের নিজস্ব অনলাইন বিপণনকেন্দ্রের মাধ্যমে বিশ্ববাজারে ফোনটির নিয়মিত বিক্রি শুরু হবে। ‘স্যান্ড ডিউন’ ও ‘ক্লাসিক ব্ল্যাক’—এই দুই রঙে ফোনটির নিয়মিত দাম হবে ৯৯৯ মার্কিন ডলার।
ডিসি/আপ্র/০৬/০৯/২০২৬