গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:১৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০০ এএম ২০২৬
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর গত ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনের সড়কে নামে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’। তবে বাণিজ্যিক যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই গাড়িটির নিরাপত্তা ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)। প্রায় এক হাজার সাইবারক্যাবের ক্ষেত্রে টেসলা কীভাবে ফেডারেল মোটর ভেহিকেল সেফটি স্ট্যান্ডার্ডস (এফএমভিএসএস) মেনে চলার স্ব-প্রত্যয়ন করেছে, মূলত তা খতিয়ে দেখছে সংস্থাটি।
স্বয়ংক্রিয় ইলেকট্রিক ট্যাক্সিটির অস্বাভাবিক নকশাই এখন এনএইচটিএসএর তদন্তের কেন্দ্রে। 

 

দুই আসনের সাইবারক্যাবে স্টিয়ারিং হুইল, ব্রেক পেডাল, অ্যাক্সিলারেটর ও সাইড মিররের মতো গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। অথচ যুক্তরাষ্ট্রের প্রচলিত বেশ কিছু নিরাপত্তা মানদণ্ড এমন যানবাহনকে কেন্দ্র করে তৈরি, যেখানে একজন মানবচালক এসব নিয়ন্ত্রণব্যবস্থা ব্যবহার করবেন। টেসলা জানিয়েছে, তারা প্রযোজ্য সব এফএমভিএসএস মেনে গাড়িটির স্ব-প্রত্যয়ন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, যেসব নিরাপত্তা মানদণ্ড মানবচালকের নিয়ন্ত্রণব্যবস্থার ওপর নির্ভরশীল, সেগুলো সাইবারক্যাবের ক্ষেত্রে প্রযোজ্য নয়।


গাড়িটিতে রয়েছে আটটি ক্যামেরাভিত্তিক সেন্সিং ব্যবস্থা, ২১৯ হর্সপাওয়ারের একটি ফ্রন্ট মোটর এবং ৪৮ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারি। যাত্রীদের জন্য ককপিটে রয়েছে বড় একটি ডিসপ্লে। এতে যাত্রার বিভিন্ন তথ্য দেখার পাশাপাশি বিনোদনের সুবিধাও ব্যবহার করা যায়। 

টেসলার ‘রোবোট্যাক্সি’ অ্যাপের মাধ্যমে যাত্রীরা গাড়ি ডাকতে পারবেন। অ্যাপ থেকেই রাইডের গন্তব্য নির্ধারণ করা যায়। বর্তমানে কোন গাড়িটি পাওয়া যাচ্ছে, তার ভিত্তিতে সাইবারক্যাব বরাদ্দ করা হয়। 

 

সাইবারক্যাবের যাত্রা অবশ্য একেবারে নতুন নয়। টেসলা প্রথমবার গাড়িটির ধারণা প্রকাশ্যে আনে ১০ অক্টোবর ২০২৪ সালে। ওই দিন ক্যালিফোর্নিয়ার বারব্যাঙ্কে আয়োজিত এক অনুষ্ঠানে গাড়িটি উন্মোচন করেন ইলন মাস্ক। 

তখনই স্টিয়ারিং হুইল ও পেডালবিহীন দুই আসনের এই স্বয়ংক্রিয় গাড়ির ২০২৬ সালে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা এবং ৩০ হাজার ডলারের কম দামে বাজারে আনার লক্ষ্য জানায় টেসলা। 

 

পরে মাস্ক দ্রুত রোবোট্যাক্সি নেটওয়ার্ক সম্প্রসারণের উচ্চাভিলাষী পরিকল্পনা তুলে ধরলেও বাস্তবে অগ্রগতি প্রত্যাশার তুলনায় ধীর ছিল। টেসলা ২০২৫ সালের জুনে অস্টিনে মডেল ওয়াই-ভিত্তিক রোবোট্যাক্সি পরিষেবা শুরু করে। পরে টেক্সাস ও ফ্লোরিডার আরও কিছু এলাকায় পরিষেবা বিস্তৃত হয়। 

অবশেষে ৩ সেপ্টেম্বর ২০২৬ অস্টিনে সাইবারক্যাব নিয়ে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক যাত্রা শুরু হয়। তবে দীর্ঘ প্রতীক্ষার পরও সাইবারক্যাবের উদ্বোধন ছিল বেশ নীরব। 

অস্টিনে আয়োজিত সীমিত পরিসরের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না, ছিল না সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও। অনুষ্ঠানে শুধু টেসলার আমন্ত্রিত কয়েকজন ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট নির্মাতা অংশ নেন। বর্তমানে টেক্সাসে ৪৫টি সাইবারক্যাব নিবন্ধিত রয়েছে। এর মধ্যে অস্টিনের নির্দিষ্ট এলাকায় রোবোট্যাক্সি হিসেবে যাত্রী পরিবহন করছে গাড়িগুলো।


এনএইচটিএসএ জানিয়েছে, তদন্ত শুরুর অর্থ এই নয় যে সাইবারক্যাবের পরিষেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্থাটি মূলত টেসলার স্ব-প্রত্যয়ন প্রক্রিয়া এবং এর পেছনে ব্যবহৃত কারিগরি তথ্য যাচাই করছে। 

ফলে অস্টিনের নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে রোবোট্যাক্সি পরিষেবা চালু রেখেছে টেসলা। একই ধরনের পরিস্থিতিতে অ্যামাজনের মালিকানাধীন ‘জুক্স’-এর রোবোট্যাক্সিও নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনার মুখে পড়েছিল। 

 

পরে জুক্সকে নির্দিষ্ট নিরাপত্তা মানদণ্ড থেকে ছাড় পেতে আবেদন করতে হয়। তবে টেসলা এখনো এমন কোনো ছাড়ের আবেদন করেনি। এদিকে স্বয়ংক্রিয় যানবাহনের জন্য প্রচলিত নিরাপত্তা বিধিমালা আধুনিকায়নের কাজ চলছে বলে জানিয়েছে এনএইচটিএসএ। 

সংস্থাটি আরও জানায়, স্বয়ংক্রিয় যানবাহনের অগ্রগতিকে সমর্থন করলেও বিদ্যমান নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করা তাদের দায়িত্ব। ইতোমধ্যে ব্রেক পেডাল, উইন্ডশিল্ড ওয়াইপার, আলো ও রিয়ারভিউ মিররের মতো বিষয় নিয়ে কয়েকটি বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিসি/আপ্র/০৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সমালোচনার মুখে তথ্য সংগ্রহের বিতর্কিত নিয়ম স্থগিত করলো মেটা
০৯ নভেম্বর ২০২৬

সমালোচনার মুখে তথ্য সংগ্রহের বিতর্কিত নিয়ম স্থগিত করলো মেটা

২০ নভেম্বর থেকে এসব নতুন নিয়ম কার্যকর হবে

যেভাবে স্প্যামার ও প্রতারকদের হাতে পৌঁছে যায় ফোন নম্বর
০৮ নভেম্বর ২০২৬

যেভাবে স্প্যামার ও প্রতারকদের হাতে পৌঁছে যায় ফোন নম্বর

অচেনা নম্বর থেকে বারবার ফোন, অর্ডার না করা পণ্যের সরবরাহসংক্রান্ত বার্তা কিংবা অপ্রয়োজনীয় বিজ্ঞাপন-...

লাইভ সম্প্রচারেও বক্তব্য ও চেহারা বদলে দেবে এআই
০৮ নভেম্বর ২০২৬

লাইভ সম্প্রচারেও বক্তব্য ও চেহারা বদলে দেবে এআই

সরাসরি সম্প্রচারিত বক্তব্যের শব্দের পাশাপাশি বক্তার ঠোঁটের নড়াচড়া ও মুখের অভিব্যক্তিও পরিবর্তন করতে...

দেশের বাজারে এলো শাওমির নতুন ফাইভজি ফোন, দাম ৩১,৯৯৯ টাকা
০৪ নভেম্বর ২০২৬

দেশের বাজারে এলো শাওমির নতুন ফাইভজি ফোন, দাম ৩১,৯৯৯ টাকা

দেশের বাজারে নতুন ফাইভজি স্মার্টফোন ‘রেডমি ১৭ ফাইভজি’ উন্মোচন করেছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই