গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

মেনু

নিরাপত্তা পেলে দেশে ফিরতে চান সাকিব, প্রস্তুত বিচারের মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪ পিএম, ০৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৩৯ এএম ২০২৬
নিরাপত্তা পেলে দেশে ফিরতে চান সাকিব, প্রস্তুত বিচারের মুখোমুখি
ছবি

সাকিব আল হাসান -ছবি সংগৃহীত

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দুই বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। নিজের বিরুদ্ধে থাকা হত্যা মামলা ও অন্যান্য অভিযোগের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতেও ভয় নেই বলে জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, তিনি কোনো অন্যায় করেননি। তাই আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরতেই দেশে ফিরতে চান।

বর্তমানে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন সাকিব। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর নেননি। দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলা এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অংশ নেওয়া তাঁর অন্যতম লক্ষ্য।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশের বাইরে অবস্থান করছেন। এরপর আর বাংলাদেশে ফিরতে পারেননি তিনি।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, “সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সঙ্গে দেশে ফিরব। আদালতের বিচারসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়ার মুখোমুখি হতে আমি প্রস্তুত।”

তিনি বলেন, “আমি জানি, আমি কোনো অন্যায় করিনি।”

সম্প্রতি শেখ হাসিনা আগামী ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছার কথা জানান। নির্বাসনে থাকা আওয়ামী লীগ নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথাও বলেছেন তিনি। সাকিব জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান। তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গেই ফেরার চেষ্টা করবেন।

সাকিব বলেন, “ক্যাপ্টেন যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমার মনে হয়, তাঁরা ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাঁদের নির্দেশনা অনুসরণ করব।”

বুধবার নয়াদিল্লিতে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছিলেন সাকিব। এরপর বাংলাদেশে তাঁর খালি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি বলেন, ওই অনুষ্ঠানে তিনি শুধু শান্তি ও বাংলাদেশের উন্নতির কথা বলেছেন। এ নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই।

সাকিব জানান, অন্তর্বর্তী সরকারের সময় তিনি আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ পুলিশের কাছে চিঠি দিয়ে তাঁর ভাষায় “বানোয়াট” মামলাগুলো প্রত্যাহারের আবেদন করেছিলেন। তবে কোনো জবাব পাননি।

দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও কথা বলতে চান বলে জানিয়েছেন তিনি।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

৩৯ বছর বয়সী সাকিব অবসরের সিদ্ধান্ত নিতে বেশি সময় নিতে চান না। তিনি বলেন, “আমি বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছি। ভালো লাগছে, খেলাটা উপভোগ করছি, ভালো খেলছিও। কিন্তু বয়স এখন আর আমার পক্ষে নেই। তাই খুব বেশি অপেক্ষা করতে পারব না।”

২০২৪ সালের শেষ দিকে একবার নিরাপত্তার আশ্বাস পেয়ে দেশে ফেরার জন্য বিমানে উঠেছিলেন সাকিব। তবে শেষ পর্যন্ত তাঁর দেশে ফেরা হয়নি। তিনি জানান, বিমানবন্দরের লাউঞ্জ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন করে যাত্রার বিষয়টি নিশ্চিত করার পরও মাঝপথে তাঁকে ফিরে যেতে বলা হয়। পরে দুবাই থেকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি।

সাকিব বলেন, “১২ ঘণ্টার মধ্যে কী বদলে গেল, আমি জানি না।”

তিনি দাবি করেন, প্রায় ৫৭ দিন প্রস্তুতির পরও সে সময় দেশে ফিরতে পারেননি। পরে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণেও দেশে ফেরার আরেকটি চেষ্টা ব্যর্থ হয় বলে জানান তিনি।

সাকিব বলেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে দেশে ফেরা সহজ হবে-এমন পরামর্শ তিনি পেয়েছিলেন। তবে এ বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট। তিনি বলেন, “এটা বিবেচনা করার প্রশ্নই আসে না।”

বর্তমানে তাঁর বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে বলে জানান সাকিব। এর মধ্যে একটি ২০২৪ সালের আন্দোলনের সময় এক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে এবং অন্যটি দুর্নীতির অভিযোগে। তাঁর দাবি, হত্যা মামলাটি দায়েরের দিন তিনি কানাডার টরন্টোতে একটি ম্যাচ খেলছিলেন।

সাকিব বলেন, “এটা হাস্যকর একটি মামলা।”

তিনি আরো দাবি করেন, তদন্তের কারণে প্রায় দেড় বছর ধরে তাঁর ব্যাংক হিসাব জব্দ রয়েছে। তবে কোন ব্যাংকে কত টাকা আটকে আছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

সাকিব বলেন, “যে ব্যক্তি গত ১০ বছর দেশের সবচেয়ে বেশি কর দেওয়া খেলোয়াড়দের একজন, যে নিয়মিত কর পরিশোধ করেছে, তার হিসাব যদি দেড় বছর ধরে তদন্তের নামে জব্দ রাখা হয়, তাহলে তদন্ত শেষে কিছু না পাওয়া গেলে তা ছেড়ে দেওয়া উচিত।”

তিনি জানান, গত দুই বছর ধরে মা-বাবার সঙ্গেও দেখা করতে পারেননি। তাঁর দাবি, তাঁর বাবা-মাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। সাকিব বলেন, “আমাদের সবার জন্য সময়টা কঠিন ছিল, কিন্তু আমরা টিকে আছি।”
সানা/আপ্র/৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভিনিসিয়ুসকে ‘হুমকি’ দিয়ে সুর নরম রিয়ালের, আর্সেনালের নতুন প্রস্তাব
০৬ আগস্ট ২০২৬

ভিনিসিয়ুসকে ‘হুমকি’ দিয়ে সুর নরম রিয়ালের, আর্সেনালের নতুন প্রস্তাব

ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে দলে টানতে বড় ধরনের আর্থিক প্রস্তাব নিয়ে মাঠে নেমেছে আর্সেনাল।...

যে কারণে বাংলাদেশ সিরিজকে ‘রোমাঞ্চকর’ বলছেন অজি তারকা
০৬ আগস্ট ২০২৬

যে কারণে বাংলাদেশ সিরিজকে ‘রোমাঞ্চকর’ বলছেন অজি তারকা

 বিশ্বের সেরা সব ব্যাটারদের শক্তি ও দুর্বলতার বিষয়ে অভিজ্ঞতা আছে পেশাদার ক্রিকেটে চারশো’র বেশি...

মরক্কোতে জরুরি বৈঠকে ‘পূর্ণ সমর্থন’ পেলেন ইনফান্তিনো
০৬ আগস্ট ২০২৬

মরক্কোতে জরুরি বৈঠকে ‘পূর্ণ সমর্থন’ পেলেন ইনফান্তিনো

মরক্কোতে অনুষ্ঠিত এক জরুরি সংককালীন বৈঠকের পর ফিফার জ্যেষ্ঠ নেতৃত্ব জিয়ান্নি ইনফান্তিনোকে সভাপতি পদে...

সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ আয়ারল্যান্ডের
০৬ আগস্ট ২০২৬

সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ আয়ারল্যান্ডের

বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের প্রথম ওয়ানডে। এতে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই