আইপিএলের আসন্ন আসরের আগে বড় ধরনের অদলবদলের পথে হাঁটছে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংস। মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে পাঞ্জাবের কাছে ছেড়ে দিয়ে বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে দলে নিতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, দুই দলই আইপিএল কতৃপক্ষের কাছে এই ট্রেডের আগ্রহের কথা জানিয়েছে। পরবর্তী ধাপে দুই ক্রিকেটারের লিখিত সম্মতি নিতে হবে। এরপর চূড়ান্ত আলোচনা শেষে ট্রেডটি অনুমোদন পাবে।
২০২৬ মৌসুমের শেষ দিকে হার্দিক ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে একাধিক আলোচনা হয়েছে। পরে ফ্র্যাঞ্চাইজিকে হার্দিক জানান, তিনি দল ছাড়তে চান। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়া প্রায় সব দলের সঙ্গেই সম্ভাব্য ট্রেড নিয়ে আলোচনা করেছে মুম্বাই।
২০২৬ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস নবম স্থানে থেকে মৌসুম শেষ করেছিল। জাসপ্রিত বুমরার সঙ্গে কার্যকর আরেকজন পেসার খুঁজছিল দলটি। গত মৌসুমে ট্রেন্ট বোল্ট প্রত্যাশা পূরণ করতে পারেননি; খেলেছেন মাত্র পাঁচ ম্যাচ। অর্শদীপকে পেলে নতুন বল ও ইনিংসের শেষ দিকে বোলিংয়ে মুম্বাইয়ের শক্তি বাড়বে। ২০১৯ সালে পাঞ্জাবের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল অর্শদীপের। এখন পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯৬ ম্যাচে ১১১ উইকেট নিয়েছেন তিনি।
পাঞ্জাব ছাড়লে আইপিএলে প্রথমবার অন্য কোনো দলের হয়ে খেলবেন এই বাঁহাতি পেসার। হার্দিকের জন্য এটি তিন বছরের মধ্যে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি বদল হতে যাচ্ছে। ২০২৪ মৌসুমের আগে গুজরাট টাইটান্স থেকে মুম্বাইয়ে ফিরেছিলেন তিনি। এরপর রোহিত শর্মার জায়গায় অধিনায়কত্ব পান।
তবে হার্দিকের নেতৃত্বে ২০২৪ সালে পয়েন্ট তালিকার তলানিতে ছিল মুম্বাই, ২০২৫ সালে প্লে-অফে উঠলেও ২০২৬ সালে আবারও হতাশ করেছে দলটি।
ডিসি/আপ্র/৮/১১/২০২৬