মালয়েশিয়ায় বিনা অভিবাসন ব্যয়ে চাকরির সুযোগ পেতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন কর্মী নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন.বিএইচডিতে কাজের জন্য পাঠানো হবে।
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকার প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে ইলেকট্রনিক পদ্ধতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এ সময়ে মোট ৪ হাজার ২৯ জন আবেদন করেন। তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন। তাঁদের নামের তালিকা শিগগিরই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবেন নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি পাঠানোর লক্ষ্য অর্জনে এ ধরনের উদ্যোগ সহায়ক হবে। পাশাপাশি প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষিত ‘জিরো কস্টে’ কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তবায়িত হচ্ছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর জন্য ফ্লাইট শুরু হবে।
এদিকে, পর্যটন, উৎপাদন ও পরিচর্যা খাতে আরো ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব কর্মীর চিকিৎসা পরীক্ষা ও বিমানভাড়াসহ সব ব্যয় নিয়োগকর্তা বহন করবেন। ফলে তাঁরাও কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।
লটারি অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহার উপস্থিত ছিলেন।
সানা/কেএমএএ/আপ্র/৮/১১/২০২৬