গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

ব্যাটিং বিপর্যয়ের মুখে লিটনের ধ্রুপদি শতকে স্বস্তি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:০১ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ১১:৫০ এএম ২০২৬
ব্যাটিং বিপর্যয়ের মুখে লিটনের ধ্রুপদি শতকে স্বস্তি
ছবি

সিলেট টেস্টের প্রথম দিন ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে অসাধারণ এক শতকে বাংলাদেশকে বড় ধস থেকে উদ্ধার করেছেন লিটন কুমার দাস -ছবি সংগৃহীত

সিলেট টেস্টের প্রথম দিন ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে অসাধারণ এক শতকে বাংলাদেশকে বড় ধস থেকে উদ্ধার করেছেন লিটন কুমার দাস। তার দৃঢ়তা, দক্ষতা ও দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২৭৮ রান তুলেছে বাংলাদেশ। জবাবে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২১ রান।

টস হেরে ঘাসাচ্ছন্ন উইকেটে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন মাহমুদুল হাসান জয়। এরপর অভিষিক্ত তানজিদ হাসান ও মুমিনুল হক কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি বড় হয়নি। তানজিদ ২৬ ও মুমিনুল ২২ রানে আউট হন।

প্রথম সেশনে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম দলকে সামাল দিলেও লাঞ্চের পর দ্রুত বদলে যায় চিত্র। মোহাম্মাদ আব্বাস ও খুররাম শাহজাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০ রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। শান্ত ফেরেন ২৯ রানে, মুশফিক ২৩ ও মেহেদী হাসান মিরাজ আউট হন ৪ রানে। তখন দলের সংগ্রহ ৬ উইকেটে ১১৬।

এই সংকটময় মুহূর্তে দায়িত্ব তুলে নেন লিটন। শুরুতে তাইজুল ইসলামকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন তিনি। পরে তাসকিন আহমেদের সঙ্গে যোগ করেন আরো ৩৮ রান। শেষদিকে শরিফুল ইসলামকে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ ৬৪ রানের জুটি।

১৫৯ বলে ১২৬ রানের অনন্য ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কা হাঁকান লিটন। ধৈর্য, শট নির্বাচন ও স্ট্রাইক নিয়ন্ত্রণে ছিল পূর্ণতা। ফিল্ডার সীমানায় রেখেও তাকে আটকে রাখতে পারেননি পাকিস্তানি বোলাররা। প্রথম পঞ্চাশে ৯৩ বল খেললেও পরের পঞ্চাশ করেন মাত্র ৪২ বলে।

এটি লিটনের টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতরান। এর তিনটিই এসেছে পাকিস্তানের বিপক্ষে। এর আগে ২০২১ সালে চট্টগ্রাম ও ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতেও পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। রাওয়ালপিন্ডিতে ২৬ রানে ৬ উইকেট হারানো দলকে ১৩৮ রানের ইনিংসে উদ্ধার করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

দিনের শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন লিটনই। মাঠ ছাড়ার সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর করতালিও যেন সেটিরই স্বীকৃতি হয়ে ওঠে।

বাংলাদেশের ইনিংস থামে ৭৭ ওভারে ২৭৮ রানে। পাকিস্তানের হয়ে খুররাম শাহজাদ নেন ৪ উইকেট, মোহাম্মাদ আব্বাস ৩টি এবং হাসান আলি ২ উইকেট। পরে ছয় ওভার ব্যাট করে নির্বিঘ্নে দিন পার করেন পাকিস্তানের দুই ওপেনার।

ক্রমশ ব্যাটিং সহায়ক হয়ে ওঠা উইকেটে দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। তবে লিটনের এই ধ্রুপদি ইনিংস না থাকলে ম্যাচের নিয়ন্ত্রণ হয়তো প্রথম দিনেই পুরোপুরি পাকিস্তানের হাতে চলে যেত।


সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৭৮ (জয় ০, তানজিদ ২৬, মুমিনুল ২২, শান্ত ২৯, মুশফিক ২৩, লিটন ১২৬, মিরাজ ৪, তাইজুল ১৬, তাসকিন ৭, শরিফুল ১২*, নাহিদ ০; আব্বাস ১৬-৩-৪৫-৩, শাহজাদ ১৭-১-৮১-৪, হাসান ১১.৫-১-৪৯-২, সালমান ১.১-০-১-০, সাজিদ ৩১-১-৯৬-১)
পাকিস্তান ১ম ইনিংস: ৬ ওভারে ২১/০
সানা/আপ্র/১৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ
০৪ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ

এশিয়ান শ্রেষ্ঠত্বের ১৬ দিনের লড়াই শেষ হলো। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান...

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি
০৪ অক্টোবর ২০২৬

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি

আর স্রেফ একটা ম্যাচ। এরপরেই জাতীয় দলে শেষ হয়ে যাবে লিওনেল মেসির উত্থান-পতনে ভরা নাটকীয় অধ্যায়। সেই ম...

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
০৪ অক্টোবর ২০২৬

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার ক...

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে