মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্র সফরে যেতে চেয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ ছয় কর্মকর্তা। তবে এ সফরের অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। মশা নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই; দেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেই কার্যকর পদ্ধতি উদ্ভাবন সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সোমবার (১ জুন) এ তথ্য জানিয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদও বিদেশ সফরের অনুমোদন না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাতে তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সফরের অনুমোদন মেলেনি।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মশা নিধন কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডায় একটি কারখানা ও একটি গবেষণাগার পরিদর্শনের পরিকল্পনা ছিল। প্রতিনিধিদলে মেয়র শাহাদাত হোসেন ছাড়াও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলামের থাকার কথা ছিল। তাঁদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেসের অর্থায়নে মশকনিধনসংক্রান্ত উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য মেয়রসহ কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।
সারসংক্ষেপটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, ‘মশকনিধন শেখা বা দেখার জন্য ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবা বা নর্দমার পাশে দুই থেকে তিন ঘণ্টা অবস্থান করলে মশকনিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, দেশে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের যথেষ্ট সুযোগ রয়েছে। তাঁর ভাষ্য, অতীতে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির নামে রাষ্ট্রীয় বা বিদেশি অর্থায়নে বিদেশ সফর হলেও সেসব সফর থেকে অনেক ক্ষেত্রে কার্যকর ফল পাওয়া যায়নি।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, মশা নিয়ন্ত্রণে প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর কীটনাশক বিটিআই কেনা হয়েছে। বর্তমানে এ ওষুধ ব্যবহার করে মশা নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সানা/আপ্র/২/৬/২০২৬