গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

শেষ রাতে বারে ‘স্যাড মিউজিক’ বাজাতে বলেছিলেন তাহসিফ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:১৬ এএম ২০২৬
শেষ রাতে বারে ‘স্যাড মিউজিক’ বাজাতে বলেছিলেন তাহসিফ
ছবি

ছবি সংগৃহীত

সাবেক বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন নতুন তথ্য সামনে আসছে। মৃত্যুর আগের রাতে উত্তরার একটি রেস্তোরাঁ ও বারে বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ এবং এক তরুণীর সঙ্গে তাঁর অবস্থান, পরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়া এবং তুরাগ নদে ঝাঁপ দেওয়ার বিষয়ে দীপের দেওয়া বক্তব্য খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্টরা। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ, সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ ও ফরেনসিক পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন তাঁরা।

তাহসিফের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। এ মামলায় আগে গ্রেপ্তার হওয়া দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাহসিফের সঙ্গে বারে যাওয়া জেরিকা তাসনিম দিশাকেও জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠানো হয়।

বারে ‘স্যাড মিউজিক’ বাজানোর অনুরোধ

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে পৌঁছান তাহসিফ, দীপ ও এক তরুণী। সিসিটিভি ফুটেজে তাঁদের একসঙ্গে প্রবেশ এবং প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে বেরিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই রাতে তাহসিফের মন খারাপ ছিল। সাধারণ গানের পরিবর্তে তিনি ‘স্যাড মিউজিক’ বাজানোর অনুরোধ করেন। একপর্যায়ে সঙ্গে থাকা তরুণীকে বলেন, ‘কাজটা তুমি ঠিক করোনি।’ ওই তরুণী অন্য এক ছেলের সঙ্গে সময় কাটানোয় তাহসিফের মধ্যে ক্ষোভ ও অভিমান তৈরি হয়েছিল বলে ধারণা করছেন তদন্তসংশ্লিষ্টরা। তবে এসব তথ্যের চূড়ান্ত সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের জেনারেল ম্যানেজার হাসান হাবিব জানিয়েছেন, শেষবার সেখানে যাওয়ার দিন তাহসিফের সঙ্গে তাঁর দেখা হয়নি। তবে এর আগের তিন দিন তাহসিফ একই তরুণীকে নিয়ে সেখানে গিয়েছিলেন। সে সময় দীপ ও তাঁর সঙ্গে থাকা আরেক তরুণীও তাঁদের সঙ্গে ছিলেন।

ম্যানেজারের ভাষ্য অনুযায়ী, তাঁরা বারে গান শুনেছেন, নাচানাচি করেছেন এবং আনন্দ করেছেন। এর আগে একদিন তাহসিফের সঙ্গে তাঁর পরিচয় হয়। তখন তাহসিফ নিজেকে ৭৭ লং কোর্সের কর্মকর্তা পরিচয় দিয়ে একটি স্বনামধন্য গ্রুপে আন্ডারকভার হিসেবে কাজ করার কথা জানিয়েছিলেন। তবে তাঁর দেওয়া পরিচয় নিয়ে সন্দেহ হয়েছিল ম্যানেজারের।

বস্তি এলাকায় যাওয়ার পর কী ঘটেছিল

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বার থেকে বের হওয়ার পর তাহসিফ ও দীপ মোটরসাইকেলে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। সিসিটিভি ফুটেজে ২৮ অক্টোবর রাত ১২টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে তাঁদের মাজার রোড দিয়ে বস্তিতে প্রবেশ করতে দেখা যায়।

তদন্তকারীদের দাবি, ওই এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত চক্রের তৎপরতা রয়েছে। সেখানে যাওয়ার পেছনে মাদকসংক্রান্ত কোনো বিষয় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র জানায়, বস্তি এলাকায় গিয়ে তাহসিফ চিৎকার-চেঁচামেচি করেন। একপর্যায়ে কয়েকজন ধাওয়া করলে উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন দিকে পালিয়ে যান। দীপের দাবি, এ সময় তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন এবং তিনি একটি পিলারের পাশে লুকিয়ে থাকেন।

পরে টহলরত পুলিশ সদস্যরা দীপকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাহসিফের সঙ্গে আসার কথা জানান। পুলিশ তাঁকে দ্রুত এলাকা ছেড়ে চলে যেতে বলে। পরে মূল সড়ক খুঁজে পেয়ে দীপ একাই মোহাম্মদপুরের বাসায় ফিরে যান। তাহসিফকে সঙ্গে না নিয়ে কেন তিনি একা ফিরে গেলেন, তা নিয়েও তদন্তকারীদের প্রশ্ন রয়েছে।

সেই রাতে বস্তি এলাকায় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। ধাওয়া দেওয়া ব্যক্তিরা কারা ছিলেন, তাহসিফ বা দীপের সঙ্গে তাঁদের কোনো বিরোধ ছিল কি না এবং নদে ঝাঁপ দেওয়ার পর তাহসিফের সঙ্গে কী ঘটেছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল থাকে।

রিমান্ডে দিশা, যাচাই হচ্ছে দীপের বক্তব্য

তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর রাতে উত্তরার একটি রেস্তোরাঁয় তাহসিফের সঙ্গে দিশাকে দেখা যায়। পরে তাঁরা আরও কয়েকটি স্থানে যান। তাহসিফের মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা করে তাঁদের মধ্যে একাধিকবার কথোপকথনের তথ্য পাওয়া গেছে বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, আগে রিমান্ডে থাকা দীপের বক্তব্যের সঙ্গে দিশার তথ্য মিলিয়ে দেখা প্রয়োজন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে আদালতে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন।

তদন্তসংশ্লিষ্টরা জানতে চাইছেন, বারে যাওয়ার আগে দিশার সঙ্গে তাহসিফের কোথায় দেখা হয়েছিল, তাঁদের মধ্যে কী কথা হয়েছিল এবং বারে ও সেখান থেকে বের হওয়ার পর কী ধরনের কথোপকথন হয়েছিল।

এদিকে চার দিনের রিমান্ডে থাকা দীপ তদন্তকারীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন বলে নৌ-পুলিশের একটি সূত্র জানিয়েছে। তবে তাঁর বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে। কারণ, ঘটনার শুরুতে দেওয়া বক্তব্যের সঙ্গে পরবর্তী বক্তব্যে অসংগতি পাওয়া গেছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি। তাঁদের মতে, যাচাই ছাড়া দীপের দেওয়া সব তথ্য চূড়ান্তভাবে বিশ্বাস করার সুযোগ নেই।

মৃত্যুর কারণ জানতে ফরেনসিক পরীক্ষা

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের সময় তাঁর পাকস্থলী ও কিডনির নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ভিসেরা, রক্ত ও ডিএনএ পরীক্ষার জন্যও নমুনা পাঠানো হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক বিভাগের এক কর্মকর্তার প্রাথমিক ধারণা, তাহসিফের মরদেহ ১০ থেকে ১২ ঘণ্টা পানির নিচে ছিল এবং পানিতে ডুবেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।

তাহসিফ বিমানবাহিনীর কর্মকর্তা ছিলেন এবং সাধারণত তাঁর সাঁতার জানার কথা। তাই কী পরিস্থিতিতে তিনি পানিতে পড়েছিলেন এবং তখন তাঁর সাঁতার কাটার সক্ষমতা ছিল কি না, সেটিও তদন্তের বিষয় হয়ে উঠেছে।

এ ছাড়া তিনি মাদক বা অন্য কোনো নেশাজাতীয় পদার্থ গ্রহণ করেছিলেন কি না, তা জানতে রক্ত, পাকস্থলী ও কিডনির নমুনা পরীক্ষা করা হচ্ছে। শনিবার পরীক্ষার প্রতিবেদন পাওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাবেক বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর কাছে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নৌ-পুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার পর প্রথমে মামলা করতে অনীহার কথা জানালেও তিন দিন পর শুক্রবার রাতে উত্তরখান থানায় ছেলেকে হত্যার অভিযোগ করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলাটি নৌ-পুলিশ তদন্ত করছে।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ জানতে দীপ ও দিশার বক্তব্য, সিসিটিভি ফুটেজ, দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ এবং ফরেনসিক পরীক্ষার ফলাফল মিলিয়ে তদন্ত এগিয়ে নিচ্ছেন সংশ্লিষ্টরা।

এসি/আপ্র/০২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর
০২ নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চতুর্থ দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক...

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুক পোস্টকারী যুবক আটক
০২ নভেম্বর ২০২৬

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুক পোস্টকারী যুবক আটক

সাম্প্রতিক পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস...

যুক্তরাষ্ট্রে বসেই ওয়ারীতে কুশের ল্যাব চালাতেন তৌসিফ
০২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই ওয়ারীতে কুশের ল্যাব চালাতেন তৌসিফ

রাজধানীর ওয়ারীতে বাসার ভেতরে বিশেষায়িত পরীক্ষাগার স্থাপন করে অপ্রচলিত সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের অভিয...

সামিটের এলএনজি সরবরাহ বন্ধ চার দিন, কমবে গ্যাসের চাপ
০১ নভেম্বর ২০২৬

সামিটের এলএনজি সরবরাহ বন্ধ চার দিন, কমবে গ্যাসের চাপ

কক্সবাজারের মহেশখালীতে সামিট গ্রুপের ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে জরুরি রক্ষণা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই