ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কর্মজীবনে তার কোনো প্রভাব পড়তে দেওয়া যাবে না বলে নবীন পুলিশ ও আনসার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে পেশাগত জীবনে শৃঙ্খলা, আইনানুগ দায়িত্ব পালন, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। ক্ষমতার অপব্যবহার না করার বিষয়েও সতর্ক করেছেন নবীন কর্মকর্তাদের।
রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস পুলিশ ও আনসার ক্যাডারে সদ্য যোগ দেওয়া কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সুপিরিয়র সার্ভিসের কর্মকর্তা হিসেবে রাষ্ট্রের আইনশৃঙ্খলা সমুন্নত রাখা তাঁদের প্রধান দায়িত্ব। এর মাধ্যমে দেশের প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। জনগণের স্বস্তি ও নিরাপত্তা অনেকাংশে তাঁদের দায়িত্ব পালনের ওপর নির্ভর করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরিজীবনে সব সময় শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। ছাত্রজীবনে কারো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই কর্মজীবনে প্রতিফলিত না হয়।
পুলিশ ও আনসার ক্যাডারের দায়িত্বের ধরন তুলে ধরে তিনি বলেন, অন্যান্য ক্যাডারের তুলনায় এসব বাহিনীর কাজের পরিবেশ আলাদা। অনেক সময় সংঘাতময় ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে হয়। মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা দেখাতে হবে।
পুলিশ বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। দায়িত্ব পালনে আইন ও পেশাগত নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (ইনচার্জ) ও অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে জানানো হয়, ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।
সানা/আপ্র/০১/১১/২০২৬