গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৪ এএম ২০২৬
বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়
ছবি

মঙ্গলবার রাজধানীর কয়েকটি রুটে ঘুরে বিভিন্ন বাসের যাত্রী ও পরিবহনকর্মীদের সঙ্গে কথা বলে ভাড়া আদায়ে ভিন্নতা দেখা গেছে -ছবি সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর শনির আখড়া, আসাদগেট, ফার্মগেট ও বাংলামোটর এলাকা ঘুরে বিভিন্ন বাসের যাত্রী ও পরিবহনকর্মীদের সঙ্গে কথা বলে ভাড়া আদায়ে এমন ভিন্নতা দেখা গেছে। কোনো বাসে আগের ভাড়াই নেওয়া হচ্ছে, আবার কোনো বাসে নতুন ভাড়ার তালিকা প্রকাশের আগেই বাড়তি টাকা আদায় করা হচ্ছে। এ নিয়ে কোথাও কোথাও যাত্রীদের সঙ্গে বাসের সহকারীদের বাগ্বিতণ্ডাও হয়েছে।

শনির আখড়া থেকে সাভার রুটে চলাচলকারী লাব্বাইক পরিবহনে সোমবার রাত থেকেই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাসের সহকারী। যাত্রীরা জানান, প্রতি স্টপেজে পাঁচ টাকা বেশি নেওয়া হচ্ছে। সাইনবোর্ড থেকে গাজীপুর চৌরাস্তা রুটের অনাবিল পরিবহনেও একই হারে ভাড়া বেড়েছে। তবে ভুলতা থেকে গুলিস্তান রুটের মেঘলা পরিবহনে ভাড়া বাড়েনি।

চাষাড়া থেকে গাজীপুরের চন্দ্রা রুটে চলাচলকারী মৌমিতা পরিবহনের একটি বাস মঙ্গলবার বেলা ১১টার দিকে শনির আখড়ায় আসে। যাত্রী তোলার সময় বাসটির সহকারী সাদ্দাম হোসেন বলেন, ‘আজকে কিন্তু ভাড়া বেশি।’ এরপর বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়।

সাদ্দাম হোসেন বলেন, সরকার হঠাৎ তেলের দাম বাড়িয়েছে। তাই সকাল থেকে যাত্রীদের বিষয়টি জানিয়ে প্রতি স্টপেজে পাঁচ টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে সব যাত্রীর কাছ থেকে বাড়তি টাকা আদায় করা যাচ্ছে না।

ওই বাসে শনির আখড়া থেকে চানখাঁরপুল ও নীলক্ষেতের ভাড়া আগে ছিল যথাক্রমে ২০ ও ২৫ টাকা। মঙ্গলবার নেওয়া হয়েছে ২৫ ও ৩০ টাকা। শিক্ষার্থীদের কাছ থেকে আগে ওই দুই গন্তব্যে ১০ টাকা করে নেওয়া হলেও নেওয়া হচ্ছে ১৫ টাকা। আসাদগেট থেকে ফার্মগেট এবং ফার্মগেট থেকে শাহবাগের ভাড়াও ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা নেওয়া হচ্ছে।

গোনা টাকায় চলি, বাড়তি টাকা কোথায়’: এলিফ্যান্ট রোড থেকে মিরপুর মাজার রোডে যাওয়ার জন্য মৌমিতা পরিবহনের বাসে ওঠেন বেসরকারি চাকরিজীবী কে এম আল আমিন। তিনি বলেন, তেলের দাম বাড়বে, সেটি সরকার আগে থেকে জানালে ভালো হতো। হঠাৎ দাম বাড়ায় প্রতি স্টপেজে বাড়তি পাঁচ টাকা দিতে হচ্ছে। বাসা থেকে ২০ টাকা ভাড়া দেওয়ার প্রস্তুতি নিয়ে বের হলেও এখন ২৫ টাকা দিতে হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

আসাদগেট থেকে ফার্মগেট যাওয়ার পথে গাবতলী সার্ভিস পরিবহনের একটি বাসেও আগে ১০ টাকা ভাড়া নেওয়া হলেও মঙ্গলবার ১৫ টাকা নেওয়া হয়েছে। ফার্মগেট থেকে শাহবাগগামী বিহঙ্গ পরিবহনেও একই চিত্র দেখা গেছে।

ওই বাসে গুলিস্তান যাচ্ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী মনির হোসেন। তিনি বলেন, ‘আমরা গোনা টাকায় চলি। বাড়তি কোনো টাকা নেই। যে টাকা পাই, তা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়। নতুন করে গাড়িভাড়া বাড়লে সেটা আমাদের জন্য জুলুম।’

নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত বাড়তি টাকা দিতে চান না অনেকে। ঠিকাদার আমিনুল ইসলাম রানা বলেন, সরকার ও পরিবহন মালিকপক্ষ আলোচনা করে নতুন ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত তিনি অতিরিক্ত ভাড়া দেবেন না।

কেউ নিচ্ছেন, কেউ অপেক্ষায়: ফার্মগেট এলাকায় বিভিন্ন বাসের চালকের সহকারী ও যাত্রীদের সঙ্গে কথা বলে দেখা যায়, ভাড়া আদায়ে একক কোনো নিয়ম মানা হচ্ছে না। কেউ বাড়তি ভাড়া নিচ্ছেন, কেউ নতুন তালিকার অপেক্ষায় রয়েছেন।

আবদুল্লাহপুর থেকে ফুলবাড়িয়া রুটে চলাচলকারী এয়ারপোর্ট-বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের সহকারী রুবেল হোসেন বলেন, ভাড়া এখনো বাড়ানো হয়নি। তবে তেলের দাম বাড়ায় তাঁরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া চাইছেন। যাত্রীরা সব সময় তা দিচ্ছেন না।

সাভার থেকে মতিঝিল রুটের ওয়েলকাম পরিবহনের এক সহকারী জানান, সোমবার রাত থেকে তাঁরা বাড়তি ভাড়া নিচ্ছেন। একই পরিবহনের আরেক বাসের সহকারী মতিন মিয়া বলেন, নতুন ভাড়ার তালিকা প্রকাশ হলে তাঁরা বাড়তি ভাড়া নেবেন।

শিকড় ও বিকল্প পরিবহনের সহকারীরা জানান, তাঁরা এখনো আগের ভাড়াই নিচ্ছেন। শনির আখড়া ও ফার্মগেট এলাকায় বিআরটিসির বাসেও আগের ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।

সরকার-মালিকপক্ষের সিদ্ধান্ত ১৭ পয়সা: গত রোববার সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায়। ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা করা হয়।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কমিটি দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর বাসের ভাড়া ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয়। মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বৈঠকের পর সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়।

ফলে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হওয়ার কথা। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়নি।

এর মধ্যেই গাবতলী বাস টার্মিনালে দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসি ও নন-এসি উভয় ধরনের বাসেই অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছিল।

কুষ্টিয়ার যাত্রী মো. রমজান জানান, আগের দিন ঢাকায় আসতে তিনি ৫০০ টাকা ভাড়া দিয়েছিলেন। পরদিন একই যাত্রায় তাঁকে আরো ১০০ টাকা বেশি দিতে হয়েছে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জি আর শহীদ বলেন, সাময়িকভাবে ভাড়া না বাড়ালে পরিবহন মালিকদের লোকসানের মুখে পড়তে হতে পারে। শিগগিরই সংশোধিত ভাড়ার তালিকা ঘোষণা করা হবে।

বাড়ছে পণ্য পরিবহন ব্যয়ও: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে পণ্য পরিবহনেও। চট্টগ্রামের খাতুনগঞ্জে কুষ্টিয়া থেকে এক ট্রাক পণ্য আনতে ভাড়া ৩২ হাজার টাকা থেকে বেড়ে ৪০ হাজার টাকা হয়েছে বলে জানান গুদাম ব্যবস্থাপক নুরুল ইসলাম। কোনো কোনো রুটে ট্রাকভাড়া ২ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

কুষ্টিয়া থেকে ঢাকায় ২৬৫ বস্তা চাল পরিবহনের খরচ ২০ হাজার টাকা থেকে বেড়ে ২২ হাজার টাকা হয়েছে। বেনাপোল থেকে কাঞ্চপুরে ১০ দশমিক ৫ টন পোশাক বহনকারী কাভার্ড ভ্যানের ভাড়া ১৮-১৯ হাজার টাকা থেকে বেড়ে ২২ হাজার টাকা হয়েছে।

ট্রাকচালক মোহাম্মদ নাজমুস জামান বলেন, সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়া-আসার একটি ট্রিপে প্রায় ২৩০ লিটার ডিজেল লাগে। এতে তাঁর জ্বালানি ব্যয় প্রায় ৪ হাজার ৬০০ টাকা বাড়বে।

ব্যবসায়ীরা বলছেন, পরিবহনের বাড়তি ব্যয় দীর্ঘদিন নিজেদের বহন করা সম্ভব নয়। ফলে এর প্রভাব শেষ পর্যন্ত নিত্যপণ্যের দামেও পড়তে পারে।

সেচ-শিল্পেও বাড়বে ব্যয়: ডিজেলের দাম বাড়ায় কৃষি ও সেচ খাতেও ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে উদ্ধৃত সরকারি তথ্য অনুযায়ী, দেশে ডিজেলচালিত সেচযন্ত্রের সংখ্যা ১৩ থেকে ১৫ লাখ। মোট ডিজেল চাহিদার প্রায় ১৫ শতাংশ কৃষি ও সেচ খাতে ব্যবহৃত হয়। শিল্পকারখানায় জেনারেটর ও বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনার ব্যয়ও বাড়বে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান বলেন, কয়েক বছর ধরে দেশ উচ্চ মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে পরিবহন, খাদ্য ও রান্নার ব্যয় বাড়লে নিম্নআয়ের পরিবারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে। শহরের নিম্নআয়ের শ্রমজীবী মানুষ, ডিজেলচালিত সেচের ওপর নির্ভরশীল কৃষক এবং অনানুষ্ঠানিক খাতের কর্মীরা এই মূল্যবৃদ্ধির ধাক্কায় বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষক গোলাম মোয়াজ্জেম বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় জ্বালানির দাম সমন্বয়ের প্রয়োজন হতে পারে। তবে এর সবচেয়ে বড় ভোগান্তির শিকার হবেন সাধারণ মানুষ। পরিবহনভাড়া বাড়ার ক্ষেত্রে ন্যায্য পরিমাণ নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা জরুরি।

এদিকে রাজধানীর অধিকাংশ বাসের পুরোনো ও জরাজীর্ণ অবস্থা নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। এমন বাসে দাঁড়িয়ে গাদাগাদি করে যাতায়াতের পাশাপাশি এখন প্রজ্ঞাপনের আগেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের দুর্ভোগ আরো বাড়িয়েছে। সরকারি নির্ধারিত ভাড়া কার্যকর হওয়ার আগে নিজেদের মতো করে ভাড়া আদায় বন্ধে কার্যকর নজরদারিই এখন যাত্রীদের প্রধান প্রত্যাশা।
সানা/আপ্র/২২/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন টিআইবির
২২ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন টিআইবির

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ও রিমান্ডের পরও সাতক্ষীরা-৪ আস...

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রীর যোগদান
২২ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রীর যোগদান

রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত প্রাতরাশ সভায় যোগ দেওয়ার মধ...

সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
২২ সেপ্টেম্বর ২০২৬

সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্ব...

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল
২২ সেপ্টেম্বর ২০২৬

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল

বাংলাদেশ পুলিশে বড় রদবদল নিয়ে এসেছে সরকার। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পর্যায়ের মোট ৩১ জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই