গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

টিনএজার ছেলেকে যে কথা বলা উচিত নয়

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০১ এএম ২০২৬
টিনএজার ছেলেকে যে কথা বলা উচিত নয়
ছবি

ছবি সংগৃহীত

কিশোর বয়সী ছেলেকে বড় করে তোলা অনেকটা সরু দড়ির ওপর দিয়ে হাঁটার মতো। হয়তো এক মুহূর্ত আগেও সে প্রাণবন্ত ছিল, হাসি-আনন্দে মেতে ছিল; পরক্ষণেই নিজের ঘরের দরজা বন্ধ করে বসে আছে। যেকোনো প্রশ্নের উত্তরে দিচ্ছে এক শব্দের জবাব। এমন পরিস্থিতিতে বাবা-মায়েরা প্রায়ই দ্বিধায় পড়েন—কোনো ভুল কথা বলে ফেলছেন না তো? এই আশঙ্কা অমূলক নয়। কিশোররা তাদের সঙ্গে ব্যবহৃত শব্দ, কথার ধরন, বলার সময় এবং বিচারমূলক মন্তব্যের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। যদিও বাইরে থেকে দেখে মনে হতে পারে, এসব বিষয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।

বিশেষজ্ঞদের মতে, সমস্যা সাধারণত আলোচনার বিষয়বস্তুতে নয়; বরং বিষয়টি কীভাবে উপস্থাপন করা হচ্ছে, তার ওপর নির্ভর করে। ছেলের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ বজায় রাখতে কিছু বিষয়ে বাবা-মায়ের সতর্ক থাকা জরুরি। এমন পাঁচটি বিষয় নিয়ে কথা বলার ক্ষেত্রে বিশেষভাবে সাবধান হওয়া উচিত।

১. অন্যদের সঙ্গে তুলনা করা

‘তুমি তোমার কাজিন বা চাচাতো ভাইয়ের মতো হতে পারো না?’—এ ধরনের কথা বাবা-মায়ের কাছে হয়তো সন্তানকে উৎসাহিত করার একটি উপায় মনে হতে পারে। কিন্তু কিশোরের কাছে এর অর্থ দাঁড়াতে পারে, ‘তুমি যথেষ্ট ভালো নও।’

ভাইবোন, সহপাঠী কিংবা পরিচিত কারও সন্তানের সঙ্গে তুলনা করলে তার আত্মবিশ্বাস কমে যেতে পারে। এমনকি যার সঙ্গে তুলনা করা হচ্ছে, তার প্রতিও মনে ক্ষোভ তৈরি হতে পারে। কৈশোরে নিজের চেহারা, পড়াশোনার ফলাফল কিংবা অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে এমনিতেই নানা সংশয় কাজ করে। তাই অন্যের সঙ্গে তুলনা না করে তার নিজের অগ্রগতির দিকে নজর দিন। ছোট ছোট অর্জন ও প্রচেষ্টার প্রশংসা করুন। সে কী কী ভালো করছে, তা তাকে বুঝিয়ে বলুন। এ ধরনের উৎসাহ তুলনার চেয়ে বেশি কার্যকর হতে পারে।

২. আবেগকে উপহাস করা বা শক্ত হতে বলা

বড় হওয়ার সময় অনেক ছেলেকেই শুনতে হয়, কান্না করা দুর্বলতার লক্ষণ, তাদের আরও শক্ত হতে হবে। বাবা-মা যখন বলেন, ‘ছেলেরা কাঁদে না’ অথবা সন্তানের দুশ্চিন্তাকে হেসে উড়িয়ে দেন, তখন হয়তো তাঁদের উদ্দেশ্য থাকে ছেলেকে শক্ত করে তোলা। কিন্তু এতে সে নিজের অনুভূতি লুকিয়ে রাখতে শিখতে পারে।

মনের কষ্ট চেপে রাখা ছেলেরা সাহায্য চাওয়ার পরিবর্তে রাগান্বিত হয়ে উঠতে পারে, চুপচাপ থাকতে পারে কিংবা ঝুঁকিপূর্ণ অভ্যাসের দিকে ঝুঁকতে পারে। তাই তাকে বোঝাতে হবে, দুঃখ, ভয় ও মানসিক চাপ সবার জীবনেই স্বাভাবিক অনুভূতি। সে যখন নিজের মনের কথা খুলে বলে, তখন সঙ্গে সঙ্গে সমাধান দেওয়ার চেষ্টা না করে বা ঠাট্টা না করে মনোযোগ দিয়ে তার কথা শুনুন। এতে সংকটের মুহূর্তে সে আপনার কাছে আসতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে।

৩. বন্ধুত্ব ও ভালো লাগার বিষয় নিয়ে উপহাস করা

কৈশোরের বন্ধুত্ব কিংবা প্রথম ভালো লাগার অনুভূতি কিশোরদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা-মায়ের কাছে বিষয়গুলো তুচ্ছ মনে হলেও সন্তানের অনুভূতিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তার বন্ধুদের নিয়ে উপহাস করা, অনুভূতিকে গুরুত্ব না দেওয়া কিংবা আত্মীয়স্বজনের সামনে ভালো লাগার কথা প্রকাশ করে দেওয়া তাকে বিব্রত ও অসহায় করে তুলতে পারে। এর ফলে সে ব্যক্তিগত বিষয় আর আপনার সঙ্গে ভাগ করতে চাইবে না।

সে কার সঙ্গে সময় কাটাচ্ছে, তা নিয়ে উদ্বেগ থাকতেই পারে। তবে সমালোচনা না করে আগ্রহ নিয়ে কথা বলুন। তার বন্ধুদের সম্পর্কে জানতে চান, সে কী পছন্দ করে, সেসব বিষয়ে আগ্রহ দেখান। তার ব্যক্তিগত কথাগুলো গোপন রাখুন। কৈশোরে একবার বিশ্বাস নষ্ট হলে তা আবার ফিরিয়ে আনতে অনেক সময় লাগতে পারে।

৪. পুরোনো ব্যর্থতার কথা বারবার মনে করিয়ে দেওয়া

পরীক্ষায় খারাপ ফল, খেলায় হেরে যাওয়া কিংবা অতীতের কোনো ভুল—এসব বিষয় একবার শান্তভাবে আলোচনা করাই যথেষ্ট। বারবার পুরোনো ব্যর্থতার কথা মনে করিয়ে দেওয়া কিংবা ঝগড়ার সময় সেগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়।

এতে কিশোরের মনে হতে পারে, জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তগুলো দিয়েই তাকে বিচার করা হচ্ছে। ফলে তার উৎসাহ কমে যেতে পারে এবং নতুন কিছু করার ক্ষেত্রেও ভয় তৈরি হতে পারে।

কোথায় ভুল হয়েছে, তা বুঝতে তাকে সাহায্য করুন। কীভাবে সেই ভুল সংশোধন করা যায়, সে বিষয়ে পরিকল্পনা করতে সহায়তা করুন। এরপর অতীতের ভুল পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিন। বাড়িতে ভুল করলেও নিরাপদ বোধ করে—এমন কিশোরদের পক্ষে ভুল থেকে শিক্ষা নেওয়া, দায়িত্ব গ্রহণ করা এবং ঘুরে দাঁড়ানো সহজ হয়।

এসি/আপ্র/২৫/১১/২০২৬

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

তোমার সঙ্গে ব্রেকআপ’ বললে কি স্ত্রী তালাক হয়ে যাবে?
২৩ নভেম্বর ২০২৬

তোমার সঙ্গে ব্রেকআপ’ বললে কি স্ত্রী তালাক হয়ে যাবে?

স্বামী যদি তালাকের নিয়ত ছাড়া শুধু স্ত্রীকে শাসন করার জন্য ‘তোমার সঙ্গে ব্রেকআপ’ বা ‘আমার বউ নাই’—এ ধ...

শীতের সর্দি-কাশিতে উপকারী হতে পারে যে তিন ভেষজ চা
২৩ নভেম্বর ২০২৬

শীতের সর্দি-কাশিতে উপকারী হতে পারে যে তিন ভেষজ চা

চলে এসেছে শীতের মৌসুম। ঋতু পরিবর্তনের সঙ্গে আবহাওয়ার প্রভাবে বাড়ছে ঠান্ডাজনিত অসুস্থতা। সর্দি-কাশি,...

আজ ঘুরে বেড়ানোর দিন, কাটুক একঘেয়েমি
২২ নভেম্বর ২০২৬

আজ ঘুরে বেড়ানোর দিন, কাটুক একঘেয়েমি

জীবন মানেই কি শুধু কাজ, দায়িত্ব আর প্রতিদিনের একই রুটিন? সকাল থেকে রাত পর্যন্ত অফিস, সংসার কিংবা ব্য...

হঠাৎ পেটব্যথা মানেই গ্যাস নয়, হতে পারে অ্যাপেন্ডিসাইটিস
২২ নভেম্বর ২০২৬

হঠাৎ পেটব্যথা মানেই গ্যাস নয়, হতে পারে অ্যাপেন্ডিসাইটিস

হঠাৎ পেটে ব্যথা শুরু হলেই অনেকে গ্যাস বা বদহজম ভেবে বিষয়টি এড়িয়ে যান। বিশেষ করে শিশুদের পেটব্যথার ক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে