ইরানে বোমা হামলার পরিকল্পনাকারী একটি সশস্ত্র গোষ্ঠীর ছয় সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনী। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে চালানো এক অভিযানে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে আইআরজিসির কুদস বেজ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত কুদস বেজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় বা তাদের বিরুদ্ধে অভিযোগের স্বাধীন কোনো যাচাইয়ের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
কুদস বেজের জনসংযোগ দপ্তর জানায়, স্থানীয় মানুষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি সন্দেহভাজন সন্ত্রাসী দলের বিষয়ে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দলটির অবস্থান শনাক্ত করা হয়।
আইআরজিসির দাবি, দলটি ওই অঞ্চলে একটি সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এরপর তাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, অভিযানে কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তবে অভিযানে নিহতের সংখ্যা প্রথম বিবৃতিতে নির্দিষ্ট করা হয়নি।
পরে আরেকটি বিবৃতিতে বলা হয়, অভিযানে ‘তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর’ ছয় সদস্য নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে বেশ কিছু বিস্ফোরক প্যাকেট উদ্ধার ও জব্দ করার দাবিও করে আইআরজিসি।
তবে বিস্ফোরকগুলো কী ধরনের ছিল বা কোথায় হামলার পরিকল্পনা করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আইআরজিসির কুদস বেজ জানিয়েছে, অভিযান এখনো শেষ হয়নি। এলাকাটি পুরোপুরি তল্লাশি ও নিরাপদ করার কাজ চলছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
ডিসি/আপ্র/০১/১০/২০২৬