রাশিয়ায় উদ্ভাবিত এমআরএনএ-ভিত্তিক ক্যানসার টিকা ‘নিওঅনকোভ্যাক’ মেলানোমা আক্রান্ত প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে বলে দাবি করেছেন দেশটির গবেষকেরা। তাঁদের ভাষ্য, টিকা গ্রহণকারী রোগী বর্তমানে স্থিতিশীল আছেন এবং তাঁর শরীরে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় রোগপ্রতিরোধী সক্ষমতা তৈরি হচ্ছে।
টিকাটির উন্নয়নে যুক্ত গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট–এর বৈজ্ঞানিক পরিচালক আলেক্সান্দর গিনজবার্গ রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “প্রথম রোগীর শরীরে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। এমন সক্রিয় উপাদান তৈরি হচ্ছে, যা রোগপ্রতিরোধী ব্যবস্থাকে টিউমার ও এর মেটাস্টেসিসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে।”
উন্নত পর্যায়ের মেলানোমার জন্য তৈরি
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২৫ সালে দেশীয়ভাবে উদ্ভাবিত দুটি ব্যক্তিকেন্দ্রিক ক্যানসার চিকিৎসাপদ্ধতির অনুমোদন দেয়। এর একটি হলো উন্নত পর্যায়ের মেলানোমার জন্য তৈরি এমআরএনএ-ভিত্তিক টিকা নিওঅনকোভ্যাক। অন্যটি হলো কলোরেক্টাল ক্যানসারের জন্য তৈরি পেপটাইডভিত্তিক ওষুধ অনকোপেপ্ট।
চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো নিওঅনকোভ্যাক মানবদেহে প্রয়োগ করা হয়। এটি দেওয়া হয় ৬০ বছর বয়সী এক রোগীকে, যিনি তৃতীয় পর্যায়ের মেলানোমা এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া মেটাস্টেটিক ক্যানসারে আক্রান্ত। তিনি বর্তমানে মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
গিনজবার্গ জানান, রোগীকে আরো দুটি ডোজ দেওয়া হবে এবং পুরো চিকিৎসা প্রক্রিয়ায় তাঁর রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
ব্যক্তিকেন্দ্রিক টিকা তৈরির প্রক্রিয়া
রাশিয়ার ন্যাশনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার অব রেডিওলজির প্রধান আন্দ্রে কাপরিন এই প্রযুক্তিকে ক্যানসার চিকিৎসায় নতুন প্রজন্মের পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, এ পদ্ধতিতে শুধু ক্যানসার কোষ ধ্বংস করার চেষ্টা করা হয় না; বরং রোগীর রোগপ্রতিরোধী ব্যবস্থাকেই ক্যানসার কোষ শনাক্ত ও আক্রমণ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।
এই প্রক্রিয়ায় রোগীর টিউমার ও সুস্থ টিস্যুর নমুনা সংগ্রহ করে জিনগত বিশ্লেষণ করা হয়। এরপর সেই তথ্যের ভিত্তিতে রোগীর জন্য আলাদাভাবে একটি এমআরএনএ টিকা তৈরি করা হয়, যা রোগপ্রতিরোধী ব্যবস্থাকে নির্দিষ্ট ক্যানসার কোষ চিনতে ও ধ্বংস করতে সহায়তা করে।
আরো ১০ রোগীর জন্য প্রস্তুতি
গামালেয়া ইনস্টিটিউট জানিয়েছে, আরো অন্তত ১০ জন মেলানোমা রোগীর জন্য ব্যক্তিকেন্দ্রিক টিকা প্রস্তুত করা হচ্ছে। আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে সেগুলো প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, কলোরেক্টাল ক্যানসারের ওষুধ অনকোপেপ্ট গ্রহণকারী রোগীদের শরীরেও প্রয়োজনীয় রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের সতর্কতা
তবে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান বিশেষজ্ঞদের মতে, এক বা কয়েকজন রোগীর প্রাথমিক ফল ইতিবাচক হওয়া মানেই টিকাটি কার্যকরভাবে ক্যানসার নিরাময় করতে সক্ষম-এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। কোনো নতুন ক্যানসার চিকিৎসার কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণত দীর্ঘমেয়াদি ক্লিনিক্যাল ট্রায়াল, বৃহৎ সংখ্যক রোগীর ওপর পরীক্ষা এবং স্বাধীন বৈজ্ঞানিক পর্যালোচনা প্রয়োজন হয়।
বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার এই গবেষণা ক্যানসার চিকিৎসায় ব্যক্তিকেন্দ্রিক ইমিউনোথেরাপি নিয়ে বৈশ্বিক আগ্রহকে আরো বাড়িয়ে তুলতে পারে, তবে এর প্রকৃত সাফল্য নির্ভর করবে ভবিষ্যৎ বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফলের ওপর।
বর্তমানে গামালেয়া ইনস্টিটিউট অগ্ন্যাশয়, কিডনি এবং নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারের জন্যও নতুন এমআরএনএ-ভিত্তিক চিকিৎসাপদ্ধতি উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ। তথ্যসূত্র: আরটি
সানা/আপ্র/৩১/৭/২০২৬