অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, আমি আদালতকে অনেক সম্মান করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে যদি আদালতে আরও পাঁচবার আসতে হয়, আমি আসব। এই মামলায় ন্যায়বিচার নিয়েই আমি এখান থেকে যাব।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলার হাজিরা দিতে আদালতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মামলাটির জামিন স্থায়ীকরণ ও চার্জশুনানি অনুষ্ঠিত হয়। তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, জামিন স্থায়ীকরণ ও চার্জশুনানি হয়েছে। এ বিষয়ে পরে আদেশ হবে।
শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তানজিন তিশা বলেন, হয়তো অনেকে মনে করেন, কেন আদালতে আসলাম বা বারবার কেন আদালতে আসি। আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তাই ন্যায়বিচারের স্বার্থে বারবার আসব।
গত ১২ জুলাই তানজিন তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন আদালত। এরপর গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। মামলার বিবরণ থেকে জানা যায়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি থাকলেও পরবর্তীতে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম বাদী হয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন। মামলার পর বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে প্রতিবেদন জমা দেয় পুলিশ।
ডিসি/আপ্র/২৯/৯/২০২৬