ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। পাত্র হিসেবে আলোচনায় রয়েছেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা সিদ্ধার্থ। তবে বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি মিমি। এরই মধ্যে অভিনেত্রীর বিয়ের পাত্রের চেয়ে খাবারের তালিকা নিয়ে বেশি আগ্রহ দেখিয়ে আলোচনায় এসেছেন নির্মাতা সৃজিত মুখার্জি।
ভারতীয় গণমাধ্যমে মিমির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে বলা হচ্ছে, চলতি বছরের দুর্গাপূজার পরই আইনিভাবে বিয়ের প্রক্রিয়া শুরু করতে পারেন অভিনেত্রী। আগামী নভেম্বরে বিয়ের নিবন্ধন এবং ডিসেম্বরে মূল আনুষ্ঠানিকতার আয়োজন হতে পারে। এমনকি আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ের আমন্ত্রণপত্র বিতরণও শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেননি মিমি।
বর্তমানে নিজের নতুন চলচ্চিত্র ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এর প্রচারণায় ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি চলচ্চিত্রটির গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হলে সেখানে তাঁর বিয়ের প্রসঙ্গ ওঠে। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা সৃজিত মুখার্জি।
মিমির বিয়ের খবর ও সম্ভাব্য পাত্র সম্পর্কে জানতে চাওয়া হলে সৃজিত রসিকতা করে বলেন, ‘লোকে বলছে কার সাথে বিয়ে হবে, কিন্তু আমার চিন্তা অন্য। আমি ভাবছি বিয়ের মেনুতে ফিশ ওরলি থাকবে কি না, আমার কিন্তু মেনু নিয়েই চিন্তা। ফিশ ফ্রাই যদি হয়, তবে ফিশ ওরলি থাকবে কি না। মাটন হলে সেটা কি ভুনা হবে, নাকি কষা—এসব ভাবছি।’
পরিচালকের এমন মন্তব্য শুনে কিছুটা অবাক হয়ে মিমি বলেন, ‘আমি তো নিরামিষাশী মানুষ।’
অভিনেত্রীর মুখে এ কথা শুনে সৃজিত আরো রসিকতা করে জানতে চান, ‘তোর বিয়েতে আমিষের কোনো আয়োজন থাকবে না? তুই বল, গণমাধ্যমের সামনে তুই বল তোর বিয়ের মেনুতে আমিষ থাকবে।’
বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে মিমি তখন পাল্টা প্রশ্ন করেন, ‘আমার বিয়ে নিয়ে কথা কেন হচ্ছে?’
জবাবে সৃজিত জানান, মিমির বিয়ে নিয়ে নয়, তার আগ্রহ মূলত বিয়ের অনুষ্ঠানের খাবারের পদ নিয়ে।
এদিকে অভিনয়জগতের বাইরে ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে মিমি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন বলে ভারতীয় বিনোদনমাধ্যমে আলোচনা চলছে। গণমাধ্যমগুলোর দাবি, খুব শিগগিরই বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন অভিনেত্রী। তবে মিমির পক্ষ থেকে নিশ্চিত বক্তব্য না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই থাকছে।
এসি/আপ্র/২৯/৯/২০২৬