নতুন ঠিকানার খোঁজে ফ্রান্সে পাড়ি জমানো এক তরুণীর জীবনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘দ্য অরেঞ্জ’। বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি পরিচালনা করছেন স্বপন আহমেদ।
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ, স্বর্ণালী চৈতি এবং ফাইজুল ইয়ামিনসহ আরও অনেকে। বাংলাদেশ থেকে সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সিনেমার সঙ্গে যুক্ত শিল্পী ও কুশলীরা।
সিনেমাটি নিয়ে নিজের ভাবনা তুলে ধরে অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ বলেন, তিনি নিজেও যে ধরনের চলচ্চিত্র নির্মাণে বিশ্বাস করেন—যা মানুষকে নতুন করে ভাবতে শেখায়, নতুন দৃষ্টিভঙ্গি দেয় এবং প্রশ্ন তুলতে উদ্বুদ্ধ করে—‘দ্য অরেঞ্জ’ ঠিক সেই ধরনেরই একটি সিনেমা। অভিনেত্রী স্বর্ণালী চৈতি জানিয়েছেন, চিত্রনাট্য হাতে পাওয়ার পর থেকেই চরিত্রটির সঙ্গে তার এক ধরনের মানসিক সংযোগ তৈরি হয়েছে। এই মুহূর্তে অভিনয়ের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত রোজার ঈদে নির্মাতা রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় ফাইজুল ইয়ামিনের। ‘দ্য অরেঞ্জ’ তার ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র। নতুন এই কাজে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেতা।
তিনি বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত এটি একেবারেই ভিন্নধর্মী একটি সিনেমা। এমন একটি কাজের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করার পাশাপাশি তিনি জানান, পুরো টিম যদি নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করতে পারে, তাহলে সিনেমাটি অনেক দূর এগিয়ে যাবে।
সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিচালক স্বপন আহমেদ। তিনি জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পন্ন করার পর চলতি সেপ্টেম্বর মাসেই ফ্রান্সের মাটিতে ‘দ্য অরেঞ্জ’ চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু হবে।
ডিসি/আপ্র/৩১/০৮/২০২৬