গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

‘‌সিলিন্ডার নাই, ২৪০০ টাকা দিলে ম্যানেজ করে দিতে পারি’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৪১ এএম ২০২৬
‘‌সিলিন্ডার নাই, ২৪০০ টাকা দিলে ম্যানেজ করে দিতে পারি’
ছবি

ছবি সংগৃহীত

দেশজুড়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও ক্রেতাদের বলা হচ্ছে ‘সিলিন্ডার নেই’, আবার বেশি দাম দিতে রাজি হলে একই সিলিন্ডার ‘ম্যানেজ’ করে দেওয়ার কথা বলা হচ্ছে। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বিভিন্ন এলাকায় তা ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

রোববার (৪ অক্টোবর) সকালে টঙ্গীর এক খুচরা বিক্রেতা মো. মিঠু রহমানের সঙ্গে ক্রেতা সেজে যোগাযোগ করেন এই প্রতিবেদক। প্রথমে তিনি সিলিন্ডার নেই বলে জানান। পরে ‘গ্যাস না থাকায় বাসায় রান্না হচ্ছে না, যেভাবেই হোক ম্যানেজ করে দেন’ বলা হলে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম চান ২ হাজার ৪০০ টাকা।

মিঠু রহমান বলেন, ‘সিলিন্ডার এমনিতেই নেই। দাম ২ হাজার ৪০০ টাকা দেবেন। দেখি যদি ম্যানেজ করে দিতে পারি। বিকেলে একবার ফোন দিয়েন।’

শুধু টঙ্গী নয়, রাজধানী ও আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানেও বাড়তি দামে সিলিন্ডার বিক্রির এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। রোববার সকালে রাজধানীর আজিমপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা ঘুরে কয়েকটি সিলিন্ডার বিক্রির দোকান বন্ধ পাওয়া যায়। অন্যান্য পণ্যের সঙ্গে সিলিন্ডার বিক্রি করা দোকানগুলোর অনেকটিতেও সিলিন্ডার পাওয়া যায়নি।

আজিমপুরের এক খুচরা বিক্রেতা বলেন, ‘সিলিন্ডার দেওয়া যাবে, তবে ২ হাজার ৫০০ টাকা পড়বে। নতুন বোতলসহ কিনলে ৪ হাজার টাকা দিতে হবে।’

ক্রেতাদের ক্ষোভ

‘বাংলাদেশ এলপিজি সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট গ্রুপ’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের গোষ্ঠীতে সিলিন্ডার বিক্রি ও কেনাবেচা নিয়ে বিভিন্ন তথ্য দিচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতারা। অনেকে নিজেদের অভিজ্ঞতাও তুলে ধরছেন।

সুমাইয়া ইসলাম নামের এক ক্রেতা সেখানে লিখেছেন, তিনি বসুন্ধরা ব্র্যান্ডের দুটি এলপিজি সিলিন্ডার ৪ হাজার ৯০০ টাকা দিয়ে কিনেছেন।

তিনি লেখেন, ‘১টি ২ হাজার ৪৫০ টাকা করে, চিন্তা করেন। যেই গ্যাস ক্রয় করতাম ১২০০/১৪০০ টাকা, আজ সেই গ্যাসের দাম আকাশছোঁয়া। আমরা সাধারণ মানুষ কী করবো? আমাদের কি মেরে ফেলতে চান?’

বাবু মিয়া নামের একজনও সিলিন্ডার কেনার বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি মজার ছলে একটি বাংলা গান যুক্ত করে লিখেছেন, ‘২ হাজার টাকা দিয়ে গ্যাস নিয়ে যাইতেছি।’

‘৬৪ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন’ নামের আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যমের গোষ্ঠীতে মো. রাসেল লিখেছেন, ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিনি দ্রুত বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

কোথাও ২ হাজার, কোথাও ১ হাজার ৮০০

‘শেখ এন্টারপ্রাইজ’ নামের একটি পেজে এলপিজি সিলিন্ডারবাহী গাড়ির ছবি দিয়ে লেখা হয়েছে, ডিপোতে পণ্য নেই বলে তাদের জানানো হয়েছে এবং ভোরে পাঠানো গাড়ি দেরিতে এসেছে।

ক্রেতা সেজে ওই পেজে দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে বিক্রেতা রাকিব বলেন, সিলিন্ডার আছে, তবে কম। ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার টাকা এবং নরসিংদী থেকে নিতে হবে।

অন্যদিকে ‘এলপি গ্যাসের বাজার’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের গোষ্ঠী থেকে পাওয়া সাতক্ষীরার এক খুচরা ব্যবসায়ী মো. লাবিব জানান, তার কাছে কিছু সিলিন্ডার রয়েছে। তিনি ওমেরা, আই গ্যাস ও ফ্রেশ ব্র্যান্ডের সিলিন্ডার ১ হাজার ৮০০ টাকা করে বিক্রি করছেন। তবে তার কাছেও বেশি সিলিন্ডার নেই বলে জানান তিনি।

আমদানি ঘাটতি নেই: বিইআরসি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ও খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত আগস্ট ও সেপ্টেম্বর—দুই মাসেই দেশে এলপিজির আমদানি পর্যাপ্ত ছিল। ফলে আমদানির ঘাটতির কারণে বাজারে সংকট তৈরি হওয়ার কথা নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিইআরসি জানিয়েছে, সেপ্টেম্বরে দেশে এলপিজি আমদানি হয়েছে ১ লাখ ৫৬ হাজার মেট্রিক টন। আগস্টে আমদানি হয়েছে ১ লাখ ৫৭ হাজার মেট্রিক টন। চাহিদার তুলনায় আমদানি পর্যাপ্ত থাকায় দেশে এলপিজির সংকট থাকার কথা নয় বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

১২ আমদানিকারকের কাছে বিক্রির তথ্য চাওয়া

সেপ্টেম্বর মাসে আমদানি ও বিক্রির তথ্য চেয়ে ১২টি এলপিজি আমদানিকারক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বিইআরসি। শনিবার (৩ অক্টোবর) জারি করা চিঠিতে রোববার (৪ অক্টোবর) হিসাব জমা দিতে বলা হয়েছে। চিঠিতে জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাওয়া আমদানির তথ্যও উল্লেখ করা হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ গণমাধ্যমকে বলেন, রোববার তথ্য জমা দিতে বলা হয়েছে। এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিইআরসির সদস্য (গ্যাস) মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা গতকাল শনিবারও অফিস করেছি। ১২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছি। তারা সেপ্টেম্বরে কী পরিমাণ এলপিজি বিক্রি করেছে জানতে চেয়েছি।’

তিনি বলেন, ‘আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। মন্ত্রণালয় কাজ করছে। জেলা পর্যায় পর্যন্ত তদারকি করা হচ্ছে। আজ নতুন দাম ঘোষণা করা হবে। এরপর আরও কঠোরভাবে তদারকি করা হবে।’

নির্ধারিত দামে বিক্রিতে দেশজুড়ে অভিযান

সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ অক্টোবর) ঢাকাসহ দেশের ১৬ জেলায় ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের ২৩টি দল একযোগে এসব অভিযান চালায়। নানা অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানের উদ্দেশ্য ছিল বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় ঠেকানো।

অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, সিলিন্ডারের নিরাপত্তা বিধি প্রতিপালন এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করা হয়।

একই সঙ্গে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত ও সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির বিষয়েও সতর্ক করা হয়েছে।

ভোক্তাদের সিলিন্ডার কেনার আগে ওজন, সিল, মেয়াদ ও দৃশ্যমান ত্রুটি পরীক্ষা করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পাশাপাশি মূল্যতালিকা যাচাই এবং কেনার সময় রশিদ বা ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিক্রিতে কোনো অনিয়ম দেখা গেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে। বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যা বললেন জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘এলপিজি সরকার আমদানি করে না। এটা বেসরকারি কোম্পানি আনে। এটাকে ঠিক রাখার জন্য আমরা কাজ করছি। দিন-রাত কাজ করছি। সুতরাং দেখা যাক কতদূর কী করা যায়।’

এসি/আপ্র/০৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নতুন বেতনকাঠামো অনুযায়ী ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
০৪ অক্টোবর ২০২৬

নতুন বেতনকাঠামো অনুযায়ী ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শুরু হচ্ছে আগামীকাল সোমবার...

মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে: অর্থমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে মোট দেশজ উৎপাদনের অনুপাতে কর...

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ চার বারে রাজস্ব গোয়েন্দাদের অভিযান
০৩ অক্টোবর ২০২৬

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ চার বারে রাজস্ব গোয়েন্দাদের অভিযান

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা...

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়
০৩ অক্টোবর ২০২৬

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

তৈরি পোশাক খাতের ঘুরে দাঁড়ানোর প্রভাবে এক বছরের ব্যবধানে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে। ২০২৫ সালের সে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে