দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে নতুন মূল্য নির্ধারণের কথা জানায়। এর আগে ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, অকটেন ১৪৫ এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও দেশে সেই অনুপাতে দাম বাড়ানো হয়নি বলে দাবি করেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের হিসাবে, মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। বর্তমান আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী শুধু ডিজেলেই প্রতি লিটারে প্রায় ৮৯ টাকা লোকসান হচ্ছে, যার দৈনিক পরিমাণ প্রায় ১০৯ কোটি টাকা বলে মন্ত্রণালয় জানিয়েছে। এ হারে এক বছরে শুধু ডিজেলেই প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসানের আশঙ্কা রয়েছে।
লিটারে ২০ টাকা দাম বাড়ানোর ফলে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমবে বলে সরকার মনে করছে। পাশাপাশি দেশের তুলনায় প্রতিবেশী ও অন্যান্য কয়েকটি দেশে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় পাচারের ঝুঁকির কথাও মূল্যবৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সরকারের হিসাবে, মার্চের তুলনায় নতুন দরে ডিজেলের দাম লিটারে ৩৫ টাকা, অকটেনে ৪৫ টাকা, পেট্রোলে ৪৪ টাকা এবং কেরোসিনে ৪৩ টাকা বাড়ল। এর আগে ১৮ এপ্রিল চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল।
বাংলাদেশে ২০২৪ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারমূল্য, আমদানি ব্যয়, শুল্ক-কর, ডলারের বিনিময় হার, বিপিসির মার্জিন, ভ্যাট ও বিতরণ ব্যয় বিবেচনায় নেওয়া হয়।
সানা/আপ্র/২১/৯/২০২৬