মিজানুর রহমান : পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা, দাফন ও গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতারা।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল ওহাব। জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেন।
বক্তারা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা, দাফন ও গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার অভিযোগের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের ফলেই আজ বাংলাদেশের মানুষ স্বাধীন দেশের নাগরিক। অথচ স্বাধীনতাবিরোধী চক্র এখনো বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করার দুঃসাহস দেখাচ্ছে।
বক্তারা আরো বলেন, পিরোজপুরের এ ন্যক্কারজনক ঘটনা শুধু একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি অসম্মান নয়, বরং দেশের মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক মানুষের অনুভূতিতে গভীর আঘাত। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সম্মান রক্ষায় এ ধরনের ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
সমাবেশ থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও দেশবিরোধী ষড়যন্ত্রে যুক্ত বলে অভিযোগ ওঠা ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। অন্যথায় দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
সানা/আপ্র/০২/১১/২০২৬