বাংলাদেশে কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ এবং নিজের স্টুডিও ভেঙে ফেলার ঘটনার পর দেশে নতুন করে বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছেন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির। একই সঙ্গে বাংলাদেশে নিজের স্টুডিও পরিচালনার পরিকল্পনা থেকেও সরে এসেছেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে নিজের এ সিদ্ধান্তের কথা জানান সালমান। শনিবার রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। সেখানে দেশের পরিস্থিতি, ব্যক্তিগত সংকট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।
বাংলাদেশে থেকে কাজ করার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘না, দেশে থাকার পরিকল্পনা কখনোই ছিল না। আগেও ছিল না। স্টুডিও ভাঙার ঘটনার পর আমি বলেছি, বাংলাদেশে আর স্টুডিওটা চালিয়ে যাব না। এটা আসলে আমার নিজের মতামত, আমার একটা বক্তব্য ছিল। আমি বাংলাদেশে আর বিনিয়োগ করব না।’
সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি বলে জানান সালমান। তাঁর ভাষ্য, সরকারকে নিজের বক্তব্য জানানোর সুযোগ তৈরির চেষ্টা করেছিলেন। আন্তরিকভাবে প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাননি। এ কারণে তাঁর মনে হয়েছে, কথা বললেও তা শোনার মতো সুযোগ তৈরি হবে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়। জবাবে সালমান বলেন, এ বিষয়ে যাঁদের কথা বলা উচিত, তাঁদেরই কথা বলা ভালো। সাধারণ নাগরিক হিসেবে মানুষ কেবল পরিস্থিতির অভিজ্ঞতা নিতে পারে।
ব্যক্তিগত জীবনেও কঠিন সময়
নিজের ব্যক্তিগত জীবনেও কঠিন সময় পার করছেন বলে জানিয়েছেন এই কনটেন্ট নির্মাতা। স্ত্রী ও সন্তানকে নিয়ে তাঁরা একটি বড় বিপদ অতিক্রমের চেষ্টা করছেন। নিজের কষ্ট ও ক্ষতির কথা স্বীকার করলেও তা নিয়ে বসে থাকতে চান না তিনি। বরং কঠিন সময় পেরিয়ে সামনে এগিয়ে যাওয়াকেই গুরুত্ব দিচ্ছেন।
সালমানের মতে, জনপ্রিয়তা ও খ্যাতির ইতিবাচক দিকগুলো যেমন গ্রহণ করতে হয়, তেমনি এর সঙ্গে আসা নেতিবাচক পরিস্থিতিও মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। জীবনে সব সময় ভালো কিছু ঘটবে না; খারাপ সময়ও আসবে। সেগুলো মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে।
উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নির্মিত ‘গ্যাপ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ছবিটির বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়েই বাংলাদেশে আর বিনিয়োগ না করার সিদ্ধান্তের কথা জানান সালমান মুক্তাদির।
এসি/আপ্র/০২/১১/২০২৬