‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে চলতি বছর ৭ নভেম্বর শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা বাড়তি ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন না।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব ওয়ালীউল দামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। তবে চলতি বছর দিনটি শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতিরিক্ত ছুটির সুযোগ থাকছে না।
এর আগে গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারের এ সিদ্ধান্তের ফলে এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে এবং দিনটিতে সরকারি সাধারণ ছুটি থাকবে।
এসি/আপ্র/০২/১১/২০২৬