গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

ভালোবাসা পেতে জেন-জির ভরসা এখন জাদুবিদ্যায়

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২:২৪ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২৪ এএম ২০২৬
ভালোবাসা পেতে জেন-জির ভরসা এখন জাদুবিদ্যায়
ছবি

ছবি সংগৃহীত

প্রেমের মানুষ খুঁজতে এখন আর শুধু ডেটিং অ্যাপের ওপর নির্ভর করছেন না তরুণেরা। কেউ ডায়েরিতে লিখে রাখছেন কাঙ্ক্ষিত জীবনসঙ্গীর কথা, কেউ ট্যারো কার্ডের মাধ্যমে জানতে চাইছেন প্রেমের ভবিষ্যৎ। আবার কেউ অনলাইনে খুঁজছেন ভালোবাসার জাদুমন্ত্র বা লাভ স্পেল। প্রযুক্তিনির্ভর এই সময়ে প্রেমের মতো ব্যক্তিগত বিষয়ে জাদুবিদ্যা ও আধ্যাত্মিক চর্চার প্রতি জেন-জিদের আগ্রহ বাড়ার পেছনে কাজ করছে কৌতূহল, সম্পর্কের অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা এবং মানসিক স্বস্তির খোঁজ।

প্রেমের জন্য বিশেষ চর্চায় আগ্রহ

যুক্তরাষ্ট্রভিত্তিক ডেটিং নিউজের এক জরিপে অংশ নেন ১ হাজার ১৩ জন প্রাপ্তবয়স্ক। জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জেন-জিদের ৬৪ শতাংশ জীবনে অন্তত একবার ভালোবাসার মানুষ খুঁজে পেতে কিংবা প্রেমের সম্পর্ক উন্নত করতে আধ্যাত্মিক, অতীন্দ্রিয় বা জাদুবিদ্যাসংশ্লিষ্ট কোনো পদ্ধতি চেষ্টা করেছেন।

এসব পদ্ধতির মধ্যে সবচেয়ে এগিয়ে ম্যানিফেস্টেশন বা স্ক্রিপ্টিং। জরিপে অংশ নেওয়া ২৯ শতাংশ তরুণ এই পদ্ধতি অনুসরণের কথা জানিয়েছেন। ২৫ শতাংশ পরামর্শ নিয়েছেন অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী বলে দাবি করা ব্যক্তিদের, ১৭ শতাংশ গেছেন ট্যারো কার্ড পাঠকের কাছে এবং ১৬ শতাংশ নির্ভর করেছেন জ্যোতিষশাস্ত্র বা রাশিচক্রের সামঞ্জস্যের ওপর। এমনকি ১৯ শতাংশ অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভালোবাসার জাদুমন্ত্র বা বিশেষ আচার পালনের জন্য অর্থ ব্যয় করেছেন।

তবে জরিপটি শুধু যুক্তরাষ্ট্রের জেন-জিদের ওপর পরিচালিত হয়েছে। তাই বিশ্বের সব দেশের তরুণদের মধ্যেও একই প্রবণতা রয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তারপরও ডিজিটাল দুনিয়ায় প্রেমের সঙ্গে আধ্যাত্মিক চর্চার এই সংযোগ নতুন করে আলোচনায় এসেছে।

ম্যানিফেস্টেশন থেকে লাভ স্পেল

ম্যানিফেস্টেশন হলো নিজের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক চিন্তা করা এবং সেই লক্ষ্য সামনে রেখে এগোনোর মানসিক প্রস্তুতি নেওয়া। প্রেমের ক্ষেত্রে কেউ কেমন জীবনসঙ্গী চান, সম্পর্কের মধ্যে কী ধরনের বোঝাপড়া ও অনুভূতি প্রত্যাশা করেন, তা লিখে রাখেন। এর পরিচিত একটি ধরন স্ক্রিপ্টিং। এতে কাঙ্ক্ষিত সম্পর্কটি ইতিমধ্যে বাস্তবে তৈরি হয়েছে—এমনভাবে নিজের অনুভূতি ও প্রত্যাশা লিখে রাখেন অনেকে।

অন্যদিকে, ট্যারো কার্ড পাঠের মাধ্যমে প্রেমজীবনের ভবিষ্যৎ কিংবা বর্তমান সম্পর্কের পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করেন কেউ কেউ। ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে পরামর্শ নিতে অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী বলে দাবি করা ব্যক্তিদের কাছেও যান অনেকে।

ভালোবাসার জাদুমন্ত্র বা লাভ স্পেল বলতে কাউকে আকৃষ্ট করা, পুরোনো সম্পর্ক ফিরিয়ে আনা কিংবা চলমান সম্পর্ক উন্নত করার উদ্দেশ্যে বিভিন্ন প্রতীকী আচার পালনের ধারণাকে বোঝায়। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন বাজারে এসব সেবার প্রচারও দেখা যায়।

ডেটিং অ্যাপের ভিড়ে বাড়ছে অনিশ্চয়তা

আধুনিক প্রযুক্তি মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ বাড়িয়েছে। মুহূর্তেই নতুন কারও সঙ্গে কথা বলা যায়, দূরত্ব পেরিয়ে সম্পর্কও তৈরি করা সম্ভব। কিন্তু পরিচয়ের সহজলভ্যতা সম্পর্কের নিশ্চয়তা তৈরি করেনি। কখনো বার্তার উত্তর আসে না, কখনো সম্পর্কের ভবিষ্যৎ অস্পষ্ট থেকে যায়, আবার কখনো দীর্ঘদিনের সম্পর্কও ভেঙে যায়।

এমন অনিশ্চয়তার মধ্যে অনেকেই আশ্বাস খোঁজেন। পছন্দের মানুষটি ফিরে আসবেন কি না, নতুন কেউ জীবনে আসবেন কি না কিংবা বর্তমান সম্পর্ক টিকবে কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজতে কেউ কেউ ট্যারো, জ্যোতিষশাস্ত্র কিংবা ম্যানিফেস্টেশনের দিকে ঝুঁকছেন।

মনোবিজ্ঞানের গবেষণাতেও অনিশ্চয়তার সময়ে মানুষের বিভিন্ন আচার পালনের প্রবণতার ব্যাখ্যা পাওয়া যায়। হার্ভার্ড বিজনেস স্কুলের গবেষক মাইকেল নর্টন ও ফ্রান্সেসকা জিনোর ২০১৪ সালের এক গবেষণায় দেখা গেছে, প্রিয়জন হারানো বা প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিছু প্রতীকী আচার মানুষের শোক ও মানসিক কষ্ট কমাতে সহায়তা করতে পারে। এর একটি কারণ হলো, এসব আচার পালনের মাধ্যমে মানুষ নিজের পরিস্থিতির ওপর কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার অনুভূতি পেতে পারেন।

ভালোবাসার জাদু কি সত্যিই কাজ করে?

জরিপে অংশ নেওয়া তরুণদের মধ্যে এসব পদ্ধতি চেষ্টা করা ব্যক্তিদের ৪৬ শতাংশ জানিয়েছেন, তাঁদের অভিজ্ঞতায় এগুলো কোনো না কোনোভাবে কাজ করেছে। এর মধ্যে ১৭ শতাংশ একে কার্যকর বলে মনে করেছেন, আর ২৯ শতাংশ জানিয়েছেন আংশিক সফলতার কথা।

তবে এই ফলাফল ব্যক্তিগত অভিজ্ঞতাভিত্তিক। কোনো জাদুমন্ত্র বা ট্যারো পাঠের কারণে কেউ প্রেমে পড়েছেন কিংবা সাবেক সঙ্গী ফিরে এসেছেন—এমন বৈজ্ঞানিক প্রমাণ এই জরিপ দেয় না। কোনো ঘটনার সঙ্গে একটি আচার পালনের সময় মিলে গেলে মানুষ অনেক সময় দুটিকে পরস্পরের কারণ বলে ধরে নিতে পারেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে শাখার গবেষকদের ২০১৬ সালের একটি গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট কিছু আচার উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে। প্রথমবার কারও সঙ্গে সাক্ষাতের মতো পরিস্থিতিতেও প্রতীকী আচার মানসিক চাপ সামলাতে ভূমিকা রাখতে পারে। তবে এর অর্থ এই নয় যে, কোনো জাদুমন্ত্র দিয়ে অন্য মানুষের অনুভূতি বা সিদ্ধান্ত বদলে ফেলা সম্ভব।

কল্পনার পাশাপাশি প্রয়োজন বাস্তব পদক্ষেপ

কাঙ্ক্ষিত সম্পর্কের কথা ভাবা কিংবা নিজের প্রত্যাশা লিখে রাখা আত্মবিশ্লেষণের ভালো উপায় হতে পারে। কিন্তু শুধু কল্পনা করলেই মনের মতো সম্পর্ক তৈরি হবে, এমন নিশ্চয়তা নেই।

মনোবিজ্ঞানী গ্যাব্রিয়েলে ওটিঙ্গেনের গবেষণায় দেখা গেছে, শুধু কাঙ্ক্ষিত ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক কল্পনায় ডুবে থাকলে লক্ষ্য অর্জনের প্রচেষ্টা কমে যেতে পারে। বরং নিজের ইচ্ছার পাশাপাশি বাস্তব বাধাগুলো চিহ্নিত করে সেগুলো অতিক্রমের পরিকল্পনা করা বেশি কার্যকর।

এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকাও রয়েছে। অনলাইন ভিডিও, ব্লগ ও বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণেরা সহজেই ম্যানিফেস্টেশন, ট্যারো কিংবা ভালোবাসার আচার সম্পর্কে জানতে পারছেন। ফলে আগে সীমিত পরিসরে পরিচিত এসব চর্চা এখন আরও বেশি মানুষের সামনে আসছে। সম্পর্কের জটিলতা ও একাকিত্বের মধ্যে কেউ কেউ এগুলোকে মানসিক স্বস্তি বা আত্মবিশ্বাসের উৎস হিসেবেও দেখছেন।

পছন্দের মানুষকে আকৃষ্ট করতে ম্যানিফেস্টেশন, ট্যারো কিংবা ভালোবাসার জাদুমন্ত্রের প্রতি আগ্রহের পেছনে রয়েছে সম্পর্কের অনিশ্চয়তার মধ্যে ভরসা ও মানসিক স্বস্তি খোঁজার আকাঙ্ক্ষা। এসব চর্চা নিজের চাওয়া-পাওয়া বুঝতে সাহায্য করতে পারে। তবে সুস্থ সম্পর্ক গড়ে ওঠে দুজন মানুষের সম্মতি, বিশ্বাস, সমান আগ্রহ ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে। ভালোবাসা একার ইচ্ছায় তৈরি হয় না, আর জাদুমন্ত্র দিয়ে অন্যের অনুভূতি নিয়ন্ত্রণ করারও বৈজ্ঞানিক ভিত্তি নেই।

সূত্র: হার্ভার্ড বিজনেস স্কুল, ডেটিং নিউজ ডটকম ও নিউজ এইটটিন

এসি/আপ্র/০২/১১/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে খাদ্যতালিকায় রাখুন পাঁচ খাবার
০১ নভেম্বর ২০২৬

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে খাদ্যতালিকায় রাখুন পাঁচ খাবার

যকৃতে অতিরিক্ত চর্বি জমলে তাকে ফ্যাটি লিভার বলা হয়। শরীর থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ, প্রোটিন তৈরি, র...

ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেছে নেবেন
২৯ অক্টোবর ২০২৬

ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেছে নেবেন

ওজন কমানোর চেষ্টা করছেন? সকালের নাশতা কিংবা বিকেলের হালকা খাবার হিসেবে মাখানা ও পপকর্নের মধ্যে কোনটি...

নারী পাশে থাকলে ব্যথা কম অনুভব করেন পুরুষেরা
২৮ অক্টোবর ২০২৬

নারী পাশে থাকলে ব্যথা কম অনুভব করেন পুরুষেরা

ব্যথা কতটা তীব্র, তা শুধু শারীরিক উদ্দীপনার ওপরই নির্ভর করে না; আশপাশের পরিস্থিতি এবং সামনে থাকা ব্য...

সম্পর্কে জড়ানোর আগে যে পাঁচ বিষয় খেয়াল রাখবেন
২৮ অক্টোবর ২০২৬

সম্পর্কে জড়ানোর আগে যে পাঁচ বিষয় খেয়াল রাখবেন

নতুন কারো সঙ্গে পরিচয়, সাবলীল কথোপকথন, এরপর তার পরবর্তী বার্তার অপেক্ষা—এভাবেই কখনো কখনো অল্প সময়ের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই