এক মাসের ব্যবধানে বেসরকারি খাতের ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা।
একই সঙ্গে সরকারি কোম্পানির সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বিইআরসি। ওই দিন রাত ৮টা থেকে নির্ধারিত দাম কার্যকর হয়েছে।
কমিশনের ঘোষণা অনুযায়ী, অক্টোবরে বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। সেপ্টেম্বরে ছিল ১ হাজার ৫৮৫ টাকা। ফলে দুই মাসে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে মোট ৪৭৫ টাকা।
নতুন এই মূল্যবৃদ্ধিতে রান্নার গ্যাসের ব্যয় আরো বাড়বে। বিশেষ করে এলপিজির ওপর নির্ভরশীল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসার খরচে এর প্রভাব পড়বে।
সানা/আপ্র/০২/১১/২০২৬