মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট এলাকায় একটি কাঁঠালগাছের গায়ে আরবি হরফের মতো ‘আল্লাহু’ শব্দের আকৃতির দাগ দেখা যাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সরদারহাট এলাকার বাসিন্দা সুরুজ্জামান ড্রাইভারের বাড়ির একটি কাঁঠালগাছে এ ধরনের দাগ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হওয়ার পর গাছটি দেখতে সুরুজ্জামানের বাড়িতে আশপাশের বিভিন্ন এলাকার মানুষের ভিড় জমতে শুরু করে।
স্থানীয় কয়েকজন জানান, কাঁঠালগাছের গায়ে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া দাগগুলো দেখতে অনেকটা আরবি ‘আল্লাহু’ শব্দের মতো মনে হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ার পর গাছটি দেখতে মানুষের আগ্রহ আরো বেড়ে যায়।
বুধবার রাতেও ওই বাড়িতে কৌতূহলী মানুষের উপস্থিতি দেখা গেছে। অনেকে নিজেদের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি থেকে দাগটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। তবে কেউ কেউ এটিকে গাছের স্বাভাবিক বৃদ্ধি কিংবা ছালের ওপর তৈরি হওয়া প্রাকৃতিক দাগ হিসেবেও দেখছেন।
ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়েছে। তবে দাগটির প্রকৃত কারণ সম্পর্কে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা বা বিশেষজ্ঞ মতামত পাওয়া যায়নি।
সানা/আপ্র/৩/১০/২০২৬